আজ কি পারবে ইংল্যান্ড?

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে হারটাও নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। এখন অন্তত একটা জয় দিয়ে মান বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছেন ইংলিশ ক্রিকেটাররা। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে ২৬৯ ও ২৪৩ রান করে হারের মুখ দেখেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ৩০০ করেও পায়নি জয়ের দেখা। আজ সিরিজের চতুর্থ ম্যাচে সফরকারীরা জমা করেছে ৩১৬ রান। এবার কি কুক বাহিনী পাবে প্রায় ভুলতে বসা জয়ের স্বাদ? নাকি আরও একবার তাদের হতাশাতেই ডোবাবেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা?
টসে হেরে ব্যাট করতে নেমে অ্যালিস্টার কুক আর ইয়ান বেলের দারুণ শুরু। উদ্বোধনী জুটিতেই ৮৭ রান। ১৩তম ওভারে কুক (৪৫) সাজঘরে ফিরলেও দ্রুতগতিতেই রান সংগ্রহ করে যাচ্ছিলেন বেল ও বেন স্টোকস। কিন্তু ২২তম ওভারে বেল (৫৫) আউট হয়ে যাওয়ার পর খানিকটা কমে যায় ইংল্যান্ডের রান সংগ্রহের গতি। তৃতীয় উইকেটে ১২ ওভার ব্যাটিং করে ৫২ রানের জুটি গড়েছিলেন স্টোকস ও গ্যারি ব্যালান্স।
৩৪ থেকে ৩৯—এই ছয় ওভারের মধ্যেই ইংল্যান্ড হারায় ব্যালান্স (১৮), স্টোকস (৭০) ও রবি বোপারার (৩) উইকেট। ৩৯ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২১৬ রান। শেষ ১১ ওভারে দুর্দান্ত ঝোড়ো ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান জস বাটলার। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি খেলেছেন ৪৩ বলে ৭১ রানের এক ঝোড়ো ইনিংস। শেষ ১১ ওভারেই ইংলিশ স্কোরবোর্ডে জমা হয়েছে ১০০ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে সফল বোলার জেমস ফকনার। ১০ ওভার বল করে ৬৭ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন ব্যাটিংয়ের কারণে নিজের বোলার পরিচয়টা প্রায় ভুলিয়ে দেওয়া এই অলরাউন্ডার।