আজ কি হবে সোনায় মোড়ানো দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিরন্দাজরা আজ সোনালি হাসিতে হাসাতে পারেন পুরো দেশ। রিকার্ভ ও কম্পাউন্ডের দলগত সোনার লড়াইয়ে উঠে কাল এভাবেই ক্যামেরাবন্দী হলেন বাংলাদেশের নয়জন তিরন্দাজ (বাঁ থেকে) নাজমুল হুদা, আবুল কাশেম মামুন, মিলন মোল্লা, রাদিয়া আক্তার, বিউটি রায়, শ্যামলী রায়, সানোয়ার হোসেন, রোমান সানা ও তামিমুল ইসলাম। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l প্রথম আলো
তিরন্দাজরা আজ সোনালি হাসিতে হাসাতে পারেন পুরো দেশ। রিকার্ভ ও কম্পাউন্ডের দলগত সোনার লড়াইয়ে উঠে কাল এভাবেই ক্যামেরাবন্দী হলেন বাংলাদেশের নয়জন তিরন্দাজ (বাঁ থেকে) নাজমুল হুদা, আবুল কাশেম মামুন, মিলন মোল্লা, রাদিয়া আক্তার, বিউটি রায়, শ্যামলী রায়, সানোয়ার হোসেন, রোমান সানা ও তামিমুল ইসলাম। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l প্রথম আলো

রিকার্ভ ও কম্পাউন্ডের পুরুষ এককে আগের দিনটা ভালো যায়নি। কিন্তু কাল দলগত ও মিশ্র ইভেন্টগুলোয় শুধুই বাংলাদেশের জয়জয়কার। কাল সব মিলিয়ে আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের পাঁচটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে হারিয়েছে সৌদি আরবকে। ফাইনালে বাংলাদেশের আর্চাররা আজ খেলবে ভুটানের বিপক্ষে। এ ইভেন্টে সুদানকে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে সৌদি আরব।
রিকার্ভের মেয়েদের দলগত ইভেন্টের সেমিফাইনালে ‘বাই’ পেয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। মাত্র তিনটি দল নিয়ে হয়েছে এই ইভেন্ট। ফাইনালে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। রিকার্ভের মিশ্র বিভাগেরও ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে সিরিয়াকে ৪-০ সেটে হারিয়েছে স্বাগতিক দল। সোনার লড়াইয়ে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ইরাক। স্থান নির্ধারণী খেলায় তারা ৫-৪ সেটে হারায় সিরিয়াকে।
কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের সোনার লড়াইয়ে উঠেছেন বাংলাদেশের আবুল কাশেম মামুন, মিলন মোল্লা ও নাজমুল হুদা। তাঁরা ফাইনাল খেলবেন মালয়েশিয়ার বিপক্ষে। সেমিফাইনালে ভুটানের সঙ্গে দুর্দান্ত লড়াইয়ের পর জিতেছে বাংলাদেশ, ব্যবধান মাত্র ২ পয়েন্টের (২১৬-২১৪)। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ইরাক। স্থান নির্ধারণীতে ইরাক দলও একই ব্যবধানে হারিয়েছে ভুটানকে (২১৭-২১৫)।
কম্পাউন্ড বিভাগের মিশ্র দলগত ফাইনালে উঠেছেন বাংলাদেশের আবুল কাশেম মামুন ও সুস্মিতা বনিক। ফাইনালে প্রতিপক্ষ ভুটান। মাত্র দুই দল অংশ নেওয়া এই ইভেন্টের সেমিফাইনালে খেলারই প্রয়োজন পড়েনি। আজ সব ইভেন্টের ফাইনাল। আগের দিন ব্যক্তিগত রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে ওঠেন হীরা ও বন্যা। কাল বাংলাদেশের তিরন্দাজরা পৌঁছে গেছেন আরও পাঁচটি ইভেন্টের ফাইনালে। সবকিছু ঠিকঠাক থাকলে তিরন্দাজরা আজ একটি সোনায় মোড়ানো দিনই উপহার দিতে পারেন দেশকে।