আজ কী করবেন সালমারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দল অনুশীলনে এসেই জানতে চাইল, সময় কি একটু বাড়ানো যাবে? বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারিত সময়। ব্যাটিংটাকে আরেকটু সড়গড় করতেই অনুশীলনে এই বাড়তি সময় প্রার্থনা। তবে নিয়ম নেই বলে আবেদন গৃহীত হয়নি।
ব্যাটিং নিয়ে এত দুশ্চিন্তা, আজ ভারত ম্যাচের প্রস্তুতিতে সিলেট স্টেডিয়ামের এক প্রান্তের দুটি উইকেটে অনুশীলনও পর্যাপ্ত মনে করল না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাই পাশের বাকি দুটি নেটও চাওয়া। নিয়মের বাইরে বলে সেটিও নাকচ।
এতে মেজাজ বিগড়ে গেল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। এতটাই যে, এক ভেন্যু কর্তা বললেন, ‘কারও সঙ্গেই কথা বলা যাচ্ছে না। কোচ সাহেব তো বেজায় চটে আছেন।’ চটারই কথা। টানা দুটি ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ছিল যাচ্ছেতাই। ব্যাটারদের সামর্থ্য কানাগলিতে আটকে গেছে। সেটা প্রশস্ত পথ খুঁজে পাবে কি?
কঠিন প্রশ্ন। শক্তির খেলা টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের কবজির জোর অনেক কম। ছয় মারা হিমালয়ে ওঠার মতো কঠিন কাজ যেন। উড়িয়ে মারতে গিয়ে ৩০ গজি বৃত্তেই ক্যাচ উঠছে। পরশু ইংল্যান্ডের বিপক্ষে মেরেকেটে ৫৮ করা গেল, সাতটি ক্যাচ বৃত্তের ভেতর। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৭৮ করলেও শক্তির অভাব ফুটে বেরিয়েছে দিনের আলোর মতো।
ভারতের বিপক্ষেও যথারীতি চিন্তার কেন্দ্রে ব্যাটিং। ভোঁতা ব্যাটিং নিয়ে অধিনায়ক সালমা খাতুন যেন তোতাপাখি, ‘ব্যাটিংই আমাদের সমস্যা।’ ভারত ম্যাচ নিয়েও একই কথা, ‘ব্যাটিং ভালো করা খুব জরুরি। ওটা ভালো হলে ভারতের সঙ্গে ফাইট করব। সহজে ছাড় দেব না।’
বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটি তুলনামূলকভাবে একটু কম মানসিক চাপের। ভারতের মেয়েরাও দুটি ম্যাচ হেরে বাংলাদেশের মতো বিপন্ন। শ্রীলঙ্কা-ইংল্যান্ডের কাছে হারে বিদায়ের স্টেশনই দেখছে ভারত। তবে ভারতও তো বাংলাদেশের সামনে ‘বাঘ’। সেই বাঘিনীরা বাংলাদেশ দলের সামনে খুঁজে পাচ্ছে জীবনরেখা। নিজেদের শেষ দুটি গ্রুপ ম্যাচ জিততে মরিয়া অধিনায়ক মিতালি রাজ, ‘আমাদের সেমির সম্ভাবনা খুব কম। তবু বাকি দুটি ম্যাচ জিতে নিজেদের কাজটা করে রাখতে চাই। অঘটন ঘটলে আমাদের সুযোগ আসতেও পারে। বাংলাদেশ ম্যাচটাকে তাই বাড়তি গুরুত্ব দিচ্ছি।’
ভারতের কাছে সম্প্রতি ঘরের মাঠে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ (৩-০) হয়েছে বাংলাদেশ। এখনো কোনো সংস্করণেই ভারতকে হারানো যায়নি। কাজেই আজও বাংলাদেশের হার স্বাভাবিক ফল। তার পরও ক্রিকেট তো গৌরবময় অনিশ্চতয়তার খেলা। ব্যাটারদের ব্যর্থতার অধ্যায় শেষ হলে ভারতকে একটা ঝাঁকুনি দিতেও পারে বাংলাদেশের মেয়েরা! ‘কিন্ডারগার্টেন ব্যাটিং’ থেকে বেরিয়ে আসাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিতালিদের সম্মান কাড়তে পারলে সেও হবে এক জয়!