আজ খেলোয়াড় কেনাবেচার হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোরেশোরেই বাজতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঘণ্টা। ফ্র্যাঞ্চাইজি কেনাবেচা শেষ। দুরন্ত রাজশাহী, ঢাকা গ্ল্যাডিয়েটরস, চট্টগ্রাম কিংস, বরিশাল বার্নার্স, খুলনা রয়্যাল বেঙ্গলস, সিলেট রয়্যালস—চূড়ান্ত হয়ে গেছে ছয় ফ্র্যাঞ্চাইজির নামও। তবে মাঠের খেলা শুরুর আগের সবচেয়ে চমকপ্রদ পর্বটা আজ। রাজধানীর একটি হোটেলে বেলা ১১টায় শুরু হবে বিপিএলের খেলোয়াড় নিলাম।নিলামে উঠবেন বাংলাদেশের ৮৬ জন খেলোয়াড়ের সঙ্গে ১১১ জন বিদেশি খেলোয়াড়ও। বিসিসিআই ছাড়পত্র না দেওয়ায় বিদেশি খেলোয়াড়দের তালিকায় নেই ভারতের কেউ।্রফ্র্যাঞ্চাইজিগুলো নিলাম তালিকার বাইরে কোনো খেলোয়াড় নিতে পারবে না। প্রতিটি দল সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ আটজন। তবে এক ম্যাচে পাঁচজনের বেশি বিদেশিকে খেলানো যাবে না। প্রতিটি দলের জন্য আইসিসির সহযোগী দেশ থেকে অন্তত একজন বিদেশি খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক। নিলামের মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি হবে এক বছরের জন্য। খেলোয়াড় কেনায় কোনো দলই ২০ লাখ ডলারের বেশি খরচ করতে পারবে না।নিলাম হবে তিন শ্রেণীতে। ‘এ’ শ্রেণীর বিদেশি খেলোয়াড়দের প্রারম্ভিক মূল্য এক লাখ মার্কিন ডলার, ‘বি’ শ্রেণীর ৫০ হাজার ডলার ও ‘সি’ শ্রেণীর ৩০ হাজার ডলার। বাংলাদেশের খেলোয়াড়দের ক্ষেত্রে এই তিন শ্রেণীর প্রারম্ভিক মূল্য যথাক্রমে ৪৫, ৩০ ও ২০ হাজার ডলার। তিন শ্রেণীতেই প্রতি ধাপে দাম বাড়ানো যাবে পাঁচ হাজার ডলার করে। তবে দাম পাঁচ লাখ ডলারের ওপরে উঠে গেলে নিলাম পরিচালনাকারীই ঠিক করবেন, এরপর প্রতি ধাপে কত করে বাড়বে। দাম যতই উঠুক, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে খেলোয়াড় কত টাকা পাবেন, সেটা নির্ভর করবে কতটা সময় তিনি দলের সঙ্গে থাকবেন। যদি মৌসুমের অর্ধেক সময় দেন, পাবেন নিলামে ওঠা মূল্যের অর্ধেক টাকা।বাংলাদেশে এর আগে শুধু পোর্ট সিটি ক্রিকেট লিগেই (পিসিএল) নিলামের মাধ্যমে খেলোয়াড় কেনা হয়েছিল। যদিও খেলোয়াড়দের সঙ্গে দলগুলোর গোপন চুক্তির কারণে সেই নিলাম ছিল নামেই নিলাম। নিলামে যা দাম উঠেছিল, খেলোয়াড়েরা পেয়েছেন তার চেয়ে অনেক কম। পিসিএলের অন্যতম কর্মকর্তা বিসিবির পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিপিএলেরও সম্পাদক। নিলাম-প্রক্রিয়া সুষ্ঠুভাবে হবে বলে আশাবাদী তিনি, ‘আন্তর্জাতিক নিয়মকানুন মেনে স্বাধীন নিলাম পরিচালনাকারী দিয়ে সবকিছু সম্পন্ন হবে।’নিলামে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নেই। বিপিএলের টেলিভিশন-স্বত্ব কিনে নেওয়ায় থাকবে শুধু এখনো প্রচারের অপেক্ষায় থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইন’। প্রথম বিপিএলের নিলাম তাই অনেকটা লোকচক্ষুর অন্তরালেই হবে। যে টেলিভিশন চ্যানেলের এখনো আনুষ্ঠানিক যাত্রাই শুরু হয়নি, তাদের কাছে টুর্নামেন্টের সম্প্রচার-স্বত্ব বিক্রি করা নিয়ে প্রশ্নবোধক চিহ্নটা আরও বড় হয়ে উঠছে এতে।