আজ চ্যাম্পিয়নস লিগে যাচ্ছেন সাকিব
১৯ সেপ্টেম্বর থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই টুর্নামেন্টে খেলতে আজ বিকেলেই ঢাকা ছাড়ছেন সাকিব আল হাসান।বাছাইপর্বে পুল ‘এ’তে সাকিবের দল ম্যাচ খেলবে দুটি। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ অকল্যান্ড এইসেসের বিপক্ষে। ২১ সেপ্টেম্বর পরের ম্যাচের প্রতিপক্ষ সমারসেট। পুল ‘বি’তে আছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, রুহুনা রায়নার্স ও লিস্টারশায়ার ফক্সেস। দুই গ্রুপের দুই সেরা দলের সঙ্গে চূড়ান্ত পর্বে যাবে সেরা তৃতীয় দলও। মূল পর্ব শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। আর টুর্নামেন্ট শেষ হবে আগামী ৯ অক্টোবর।চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি থেকে ছুটি পেয়েছেন সাকিব। বিসিবি সূত্র জানিয়েছে, গত বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাকিবকে অবশ্যই ৪ অক্টোবরের মধ্যে দেশে ফিরতে হবে। তার মানে ছুটিটা ওই পর্যন্তই। সাকিবও কাল সেটাই বললেন। অবশ্য কলকাতা নাইট রাইডার্স বাছাইপর্ব থেকেই ছিটকে পড়লে অত দিনও ভারতে থাকতে হবে না তাঁকে। গত আইপিএলে সাকিবের পারফরম্যান্সের সুফল পেয়েছে কেকেআর। এবারও নিশ্চয়ই সেখানে নিজের সেরাটাই দিতে চান বাংলাদেশ দলের সদ্য সাবেক অধিনায়ক। তবে কাল বললেন, ‘এখনো জানি না কী করব, আগে তো যাই। সবকিছু বুঝে নিই। ভালো খেলার চেষ্টা তো থাকবেই।’