ড্রেসিংরুমে হয়েছে ‘আথান’ নাচ। রাতটা লম্বা হয়েছে হোটেলে ফেরার পরও। দেশ থেকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই, অর্থমন্ত্রী ওমর জাখিওয়াল। উৎসব হয়েছে রাতভর, কাবুল-কান্দাহার মুখরিত হয়েছে ‘আফগান, আফগান’ স্লোগানে। ক্রিকেট দল আরও একবার জাতীয় উৎসবের উপলক্ষ এনে দিয়েছে আফগানিস্তানে। লক্ষ্য এবার আরও বড় উৎসবের উপলক্ষ খুঁজে নেওয়া। ‘ঐতিহাসিক’ জয়ের পরদিনই কাল তাই আবার অনুশীলনে উপস্থিত আফগানরা।
কাজটা ভীষণ কঠিন। ছোট দলগুলোর বিপক্ষে বরাবরই বড্ড নির্দয় শ্রীলঙ্কা। কেনিয়া, জিম্বাবুয়ে বা শুরুর দিকের বাংলাদেশ, এই ম্যাচগুলোকে বরাবরই রেকর্ড গড়ার মঞ্চ বানিয়ে নিত লঙ্কানরা। এই টুর্নামেন্টেও দুর্দান্ত খেলছে শ্রীলঙ্কা, টুর্নামেন্টে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারাই। আজ জিতলেই ফাইনাল নিশ্চিত। এক ম্যাচ বাকি রেখেই ফাইনাল নিশ্চিত করতে চেষ্টার কোনো ত্রুটিই নিশ্চয়ই রাখবে না লঙ্কানরা।
তবে নামের ভারে ভড়কাচ্ছে না আফগানরা। দলের প্রতিনিধি হয়ে কাল কথা বলতে এলেন হামজা হোতাক। গত দুই ম্যাচে উইকেট মাত্র একটি পেলেও দারুণ কিপটে বোলিং করেছেন। কথা বলেন একদম মিনমিনে কণ্ঠে, মুখের কাছে কান নিয়ে শুনতে হয়। তবে ভেতরটা যে পুরোই আফগান, সেটা বুঝিয়ে দিলেন লঙ্কান চ্যালেঞ্জের প্রসঙ্গ উঠতেই, ‘আমরা মাঠে যাই, উইকেট দেখি, ব্যাটিং-বোলিং নিয়ে ভাবি। প্রতিপক্ষ কোন দল বা ওই দলে কত বড় বড় তারকা আছে, এসব আমরা ভাবি না।’
আফগানদের এই ভয়ডরহীন মানসিকতা ভালোই চোখে পড়েছে শ্রীলঙ্কার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি টুকটাক দেখেছেন লঙ্কানরা। আলাদা করে চোখে পড়েছেন আফগানদের বোলিং শক্তিও। দিলশানের চোটে ওপেনারের ভূমিকায় নেমে দুই ম্যাচেই ভালো করা লাহিরু থিরিমান্নে দারুণ সমীহ দেখালেন প্রতিপক্ষকে, ‘দুটি ম্যাচেই আফগানিস্তান দুর্দান্ত খেলেছে। এমনিতে ওরা অনভিজ্ঞ, ওয়ানডে খুব বেশি খেলেনি। কিন্তু বোলিং আক্রমণটা দারুণ, বৈচিত্র্যও অনেক। ব্যাটিংয়েও বেশ বিপজ্জনক, মানসিকতা দারুণ আগ্রাসী। ওদের হারানো সহজ হবে না। আমরা হালকাভাবে নিচ্ছি না ওদের। এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত করার তাগিদও আছে আমাদের। জয়ের আত্মবিশ্বাস ও মোমেন্টামটা নিয়েই ফাইনালে যেতে চাই।’
সমীহের কথাটি বলেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ তুলনামূলক সহজ—বাংলাদেশ ও আফগানিস্তান। ভারতের বিপক্ষে জয়ের পর তবু লঙ্কান অধিনায়ক বলেছিলেন, শেষ দুই ম্যাচ সহজ হবে না। তখন সেটা যদি হয় ক্রিকেটীয় শিষ্টাচার, এখন নিশ্চিতভাবেই সেটি বিশ্বাস। আফগানরা প্রমাণ করে দিয়েছে, হারার আগে তারা হারে না, জয়ের সুযোগ পেলে ছাড়ে না। একতরফা ম্যাচের সম্ভাবনা তাই কমই। আরেকটি আফগান রূপকথা না হোক, উপভোগ্য আরেকটি লড়াইয়ের আশা অন্তত বাড়াবাড়ি নয়।