আজ জিতলেই শেষ আটে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক লক্ষ্যের খুব কাছাকাছি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্রিসবেনে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলকে হারাতে পারলেই যুব বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার ফাইনালে চলে যাবে বাংলাদেশের যুবারা। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে অধিনায়ক আনামুল হক বলে গিয়েছিলেন এই কাপ পর্বে যাওয়ার লক্ষ্যের কথাই।শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। কাল দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কা ৪ উইকেটে হারায় বাংলাদেশের কাপ পর্বে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তিন ম্যাচ করে খেলে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় এখন দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬, শ্রীলঙ্কার ২। বাংলাদেশের পয়েন্টও এখন ২, তবে আজ জিতলেই ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কাপ পর্বে যাবে তারা। এই গ্রুপের অন্য দল নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দল দুই ম্যাচ খেলে হেরেছে দুটিতেই।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কাল পর্যন্ত চারটি দল কাপ পর্বে খেলা নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য তিন দল হলো ‘বি’ গ্রুপের নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং ‘এ’ গ্রুপের অস্ট্রেলিয়া।