আজ জেতার কোন বিকল্প নেই: সাকিব
বিশ্বকাপের নবম ম্যাচে একটু পরেই মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। র্যাকিংয়ে নিচের দুটি দলের মধ্যে খেলা, তাতে কী? আশা করা হচ্ছে গ্রুপ-বি-এর সেরা লড়াইটি হতে পারে আজ। আজকের ম্যাচ নিয়ে বাংলদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড একে অপর দলকে সমীহ করছে। পাশাপাশি আজকের ম্যাচটিকে নিচ্ছেন যথেষ্ট গুরুত্বের সঙ্গে। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে সাকিব বলেন, এই বিশ্বকাপে আমাদের দ্বিতীয় রাউন্ডে পীেঁছানোর ভাল সুযোগ আছে। আমরা যদি এই সুযোগ পেতে চাই তাহলে আজকের ম্যাচে জিততে হবেই। ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আজ জেতা ছাড়া আমাদের কোন বিকল্প নেই। কারণ আজ না জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছানো খুব কঠিন হয়ে যাবে।বলা হচ্ছে এটা বাংলাদেশের জন্য প্রতিশোধের ম্যাচও। কারণ ২০০৭ সালের বিশ্বকাপ এবং ২০০৯ সালে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যে হেরেছিল এই আয়ারল্যান্ডের কাছে। তবে সাকিব বলছেন, স্পিন হচ্ছে আমাদের জয়ের অন্যতম পথ। ২০০৮ সালে মিরপুরে আমরা তাদেরকে টানা তিন ম্যাচে হারিয়েছিলাম। দেশের মাটিতে পরিবেশ আমাদের অনুকূলে থাকবে এবং আমি আশাবাদী আজকের ম্যাচে আমরা জিতব।সাকিব আরও বলেন, তারা ভালো ক্রিকেট খেলে। তাই আমরা তাদেরকে হালকাভাবে নিচ্ছি না। তাদের দলের খেলোয়াড়েরা দীর্ঘদিন একসঙ্গে খেলছে, সেটা দলের জন্য ভাল। পাশাপাশি বেশ কিছু খেলোয়াড় কাউন্টি ক্রিকেট খেলে।অন্যদিকে, আয়ারল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ দেশের মাটিতে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে বাংলাদেশকে হারানো। বিষয়টি স্বীকার করে পোর্টারল্যান্ড বলছেন, বিপুল পরিমাণ দর্শক মাঠে থাকবে এবং তারা বাংলাদেশকে ফেবারিট ও আমাদেরকে আন্ডারডগ মনে করবে। তবে আমরা ২০০৭ সাল থেকে খেলা শুরু করলেও অনেক দ্রুত সকলের দৃষ্টিতে এসেছি। ইতোমধ্যে আমরা অনেক ম্যাচও খেলেছি।২০০৮ সালের টানা তিন ম্যাচের হার সম্পর্কে তিনি বলেন, এপ্রিল মাসের ওই খেলার সময় এখানে প্রচণ্ড গরম ছিল। ওই আবহাওয়ার সঙ্গে আমরা নিজেদের মানিয়ে নিতে পারেনি। এ ধরনের আবহাওয়া আমরা আশা করেনি। কিন্তু আজকের খেলার জন্য আমরা অনেক বেশি প্রস্তুত।