আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকতালীয় বলতে পারেন। তবে ঘটনা হলো, টি-টোয়েন্টির জন্য যে দুটি দলের আলাদা অধিনায়ক, সেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডই বিশ্বকাপের ফাইনালে। বারবাডোজের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে মাইকেল ক্লার্ক ও পল কলিংউড দুজনের চোখেই ট্রফির স্বপ্ন আঁকা। সেখানে উপস্থিত উৎপল শুভ্র তুলে ধরেছেন দুই অধিনায়কের ফাইনাল-ভাবনার চুম্বক অংশ‘ট্রফিটা নিয়েই দেশে যেতে চাই’ ফাইনালে কী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেমাইকেল ক্লার্ক: আমার মনে হয়, ২৫০ রান আর ১০ উইকেট (হাসি)! আমার একটাই কথা, আমাদের সেরা খেলাটা খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে আমাদের বোলিং-ফিল্ডিং ভালো হয়নি, টপ অর্ডার ব্যাটিংও না। ও সবে উন্নতি করতে হবে। তবে টুর্নামেন্টে আমরা দারুণ খেলেছি। ফাইনালটাতেও খেলতে না পারার কোনো কারণ নেই। দলকে যা বলেছেনক্লার্ক: আজ (কাল) সকালে আমি ওদের একটা কথাই বলেছি—চাপটাপের কিছু নেই। ফাইনালটা উপভোগ করো। আমাদের অধিনায়ক রিকি পন্টিং ফাইনালের আগে এ কথাটাই বলতেন। এটাও আর দশটা ম্যাচের মতো একটা ম্যাচ। যদি ঠিকঠাক প্রস্তুতি নাও, তা হলে আর কি...মাঠে নামবে, উপভোগ করবে। ফাইনাল খেলার অভিজ্ঞতার কারণে অস্ট্রেলিয়া এগিয়ে কি নাক্লার্ক: আমাদের দলে দারুণ কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় তো আছেই, অভিজ্ঞতাও অনেক। বিশ্বকাপ বলেন, টেস্ট বলেন—সব অভিজ্ঞতাই তো যোগ হয়। দলে অনেক সিনিয়র খেলোয়াড় আছে। আরেকটি ফাইনাল নিয়ে সবাই খুব রোমাঞ্চিত। সেমিফাইনালের আবেগময় অভিজ্ঞতা ভুলে ফাইনালে নামাক্লার্ক: না, না, ওটা আমরা ভুলব কেন? এই ম্যাচ তো বাকি জীবন মনে রাখব। কী বলছেন, আমার ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটা ভুলে যাব! ওখানে যা ঘটেছে, আমি তো বরং সবাইকে তা মনে রাখতে বলব। মনে রাখব, শেষ হওয়ার আগে আমরা কখনোই শেষ নই। যেকোনো স্কোর আমরা চেজ করতে পারি। অ্যান্ডি ফ্লাওয়ার অস্ট্রেলিয়াকে ফেবারিট বলছেন...ক্লার্ক: (হাসি) শুরুতে তো আমরা অবশ্যই ফেবারিট ছিলাম না (অস্ট্রেলিয়া ছিল নবম বাছাই)। ফেবারিট-টেবারিট এসব ফালতু কথা। দুটি দারুণ দল ফাইনাল খেলবে। জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে। আশা করি, দারুণ একটা ম্যাচ হবে। ফাইনাল জিতলে একসঙ্গে তিনটি বৈশ্বিক শিরোপাই অস্ট্রেলিয়ার হবে...ক্লার্ক: কাল বিকেলে এটা জিজ্ঞেস করুন, প্লিজ (হাসি)। এই ট্রফিটা আমরা আগে কখনো জিতিনি বলেই আরও বেশি করে জিততে চাই। আমাদের ট্রফি-কেসে এই একটা ট্রফিই নেই, সেটি নিয়ে দেশে যেতে চাই। আমরা এখানে ফাইনাল খেলতে আসিনি, ফাইনাল জিততে এসেছি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পেস অ্যাটাকের তুলনাক্লার্ক: দু’দলেরই পেস অ্যাটাক খুব ভালো। টি-টোয়েন্টির জন্য দারুণ স্কিলফুল সব বোলার আছে ইংল্যান্ড দলে। গতির দিক থেকে হয়তো আমাদের মতো নয়। আমাদের দলের তিনজনই ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে। তবে ওরা গতি আর বাউন্সারে ভালো হেরফের করতে পারে। উইকেট অবশ্য খুব ফ্ল্যাট মনে হচ্ছে। তবে আশা করি, ওতে একটু পেস-বাউন্সও থাকবে।‘আমাদের আত্মবিশ্বাস এখন আকাশছোঁয়া’ অস্ট্রেলিয়ার সেমিফাইনাল-পারফরম্যান্সপল কলিংউড: অস্ট্রেলিয়া কী করতে পারে, এটা আমাদের সবসময়ই জানা ছিল। আমরা তাই একটুও বিস্মিত হইনি। এটাও জানতাম, ফাইনালে যে দলের সঙ্গেই খেলতে হোক, সেটি শক্তিশালী দলই হবে। আমরা তাই এ নিয়ে ভাবিওনি। আমাদের সব চিন্তা নিজেদের খেলা নিয়ে। আমাদের দল এখন আত্মবিশ্বাসে টইটম্বুর। এই টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি, এই বিশ্বাসটা এসেছে তা থেকেই। আমরা বিশ্বাস করি, যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে আমাদের। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকলিংউড: অস্ট্রেলিয়া সব সময়ই তুখোড় দল, এখনো তা-ই আছে। ভালোই হলো, ফাইনালটা খুব জমবে। তবে আগেই বলেছি, অস্ট্রেলিয়াকে নিয়ে খুব বেশি ভাবছি না, কারণ ওরা কী করতে পারে, এটা আমরা আগে থেকেই জানি। আমি ইংল্যান্ড দল নিয়ে বলতে পারি, এই টুর্নামেন্টে আমরা হয়তো অনেককেই বিস্মিত করেছি। দলের খেলোয়াড়েরা সবাই টগবগ করছে। বিশ্বকাপের ফাইনাল খেলার অনুভূতিকলিংউড: আপনি যখন বিশ্বকাপ ফাইনালে খেলতে যাবেন, আবেগ তো থইথই করবেই। সেই আবেগ আছে, তবে দলের সবাইকে একই সঙ্গে খুব রিলাক্সডও মনে হচ্ছে। প্রত্যেকে প্রত্যেকের ভূমিকা কী, তা জানে। মাঠে নেমে শুধু সেটি প্রয়োগ করার ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, আমরা এখনো কিছু জিতিনি। আমরা ফাইনালে উঠেছি, কিন্তু বিশ্বকাপ জেতার আগ পর্যন্ত এর কোনো মূল্য নেই। সেটি না জেতা পর্যন্ত আমাদের পা মাটিতেই আছে। অ্যাশেজ সিরিজের আগে অস্ট্রেলিয়াকে হারানোর বাড়তি প্রেরণাকলিংউড: আরে, এটা বিশ্বকাপ ফাইনাল, এখানে আবার বাড়তি প্রেরণা খুঁজতে হয় নাকি! তা প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই হোক, বা অন্য কোনো দল। এমন কিছুর জন্যই তো আমরা ক্রিকেটটা খেলি। বিশ্বকাপ ফাইনাল, প্রতিপক্ষ পুরোনো শত্রু অস্ট্রেলিয়া—এর চেয়ে ভালো আর কী হতে পারে! আত্মবিশ্বাসে ভরা খুব ভালো দুটি দল মুখোমুখি হবে ফাইনালে। বিশ্বাসটাই হবে এখানে আসল। সেটি আমাদের যথেষ্টই আছে। আমাদের আত্মবিশ্বাস এখন আকাশ-ছোঁয়া। ইংল্যান্ডের ফাইনাল খেলার অভিজ্ঞতার অভাব ভোগাবে কি নাকলিংউড: বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা তো কাজে আসেই। আবার একেবারে নতুন কেউ, যার এই অভিজ্ঞতাই নেই, সেটিও অনেক সময় ভালোই হয়। আমাদের দলে অনেক খেলোয়াড়েরই ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই, তবে আমার মনে হয়, ওরা সবাই প্রস্তুত। এত বড় একটা ম্যাচের আগে খেলোয়াড়দের এমন নির্ভার দেখাটা খুব ভালো ব্যাপার। টেইট-ন্যানেসের পেসের সামনে ইংলিশ ওপেনারদের ব্যাটিং কৌশলকলিংউড: টুর্নামেন্ট-জুড়েই আমরা একই ভাবে খেলেছি। আমরা খুব আক্রমণাত্মক থেকেছি, ফাইনালে সেই মানসিকতায় পরিবর্তন আনার কোনো প্রশ্নই ওঠে না। ফাইনালে যে ১১ জন খেলবে, কারোরই মানসিকতায় কোনো পরিবর্তন চাচ্ছি না। বরং বলব, পুরো টুর্নামেন্টে যা করে এসেছ, নিজের ওপর বিশ্বাস রেখে তা-ই করো। তা ছাড়া ফাস্ট বোলারদেরও কি আমরা মারিনি? স্টেইন-মরকেলও তো অনেক জোরে বল করে। (ন্যানেস বাঁহাতি বলে) ফাইনালে শুধু বলের অ্যাঙ্গেলটা ভিন্ন হবে। যেটাই হোক, সেটি সামলানোর মতো স্কিল আমাদের আছে। দলে পরিবর্তনের সম্ভাবনাকলিংউড: আমরা খুব বেশি কিছু পরিবর্তন করতে চাইছি না। এই টুর্নামেন্টে দল নির্বাচনেও আমরা মোটামুটি এই নীতি অনুসরণ করে এসেছি। খুব একটা পরিবর্তন কিন্তু হয়নি দলে। ফাইনালেও দল নির্বাচন, প্রস্তুতি, যেভাবে খেলতে চাই—এর কোনো কিছুতেই খুব একটা পরিবর্তন হচ্ছে না।