আজ তাঁর ৪৩!

তিনি যখন ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক খেলছেন, পরশুর গোলদাতা হুয়ান কিনতেরোর তখন জন্মও হয়নি। জন্ম হয়নি এখনকার আরেক সতীর্থ এদের আলভারেজ বালান্তার, আরেকজন জেমস রদ্রিগেজ তখন পৃথিবীর আলো দেখছেন মাত্র সপ্তাহ দুয়েক! ভালদেরামা-এসকোবার-অ্যাসপ্রিয়াদের সঙ্গে ছিলেন ১৯৯৪ বিশ্বকাপে, ১৯৯৮ বিশ্বকাপে ছিলেন গোলবারে আস্থার প্রতীক। সেবার ইংল্যান্ডের বিপক্ষে বীরোচিত পারফরম্যান্সে হইচই ফেলে দিয়েছিলেন, কলম্বিয়া বাদ পড়ার পর তাঁর হাউমাউ করে কান্না কাঁদিয়েছিল অনেককেই। পরের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেতে পারেনি কলম্বিয়া, তিনি মাঠে থেকে গেছেন আরেকটি বিশ্বকাপ স্বপ্নে। সেই অপেক্ষা দীর্ঘায়িত হলো পরের দুই বিশ্বকাপেও। অবশেষে এবার যখন আবার বিশ্বকাপে এল কলম্বিয়া, তিনি আছেন ঠিকই! এখন আর এক নম্বর গোলরক্ষক নন। তাতে যায়-আসে সামান্যই, ডাগ আউটে তাঁর উপস্থিতিও দলের অনুপ্রেরণা। এই বিশ্বকাপের সবচেয়ে ‘বুড়ো’ ফুটবলার আজ পূর্ণ করছেন ৪৩। শুভ জন্মদিন ফারিদ মনড্রাগন!