আজ তাঁরা ‘দেশদ্রোহী’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিমা-ডেসকাটদের কোন দলে ফেলবেন? তাঁরা হতভাগ্য, না দেশদ্রোহী? দেশের বিপক্ষে লড়াই করা যদি হয় দেশদ্রোহিতা, আজ তাহলে রিজওয়ান চিমা আর রায়ান টেন ডেসকাটরা দেশদ্রোহীই। ক্রিকেট-যুদ্ধে আজ তাঁরা ‘অস্ত্র’ ধরবেন নিজ নিজ জন্মভূমির বিপক্ষে। আরেক দিক থেকে দেখলে তাঁরা হতভাগ্যও। যে দেশে জন্ম নিয়েছেন, আজ ব্যাট হাতে তাঁদের চড়াও হতে হবে সেই দেশের বিপক্ষেই। কলম্বোর প্রেমাদাসায় আজ পাকিস্তান-কানাডা ম্যাচ। এ ম্যাচে জন্মভূমির বিপক্ষে খেলবেন কানাডার ‘তারকা ব্যাটসম্যান’ চিমা। সঙ্গে খুররম চোহানও। আরেক ম্যাচে জন্মভূমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে হল্যান্ডের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে আলোয় আসা ডেসকাট। হল্যান্ড দলে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড় আছেন আরও চারজন—এরিক সোয়ারজিনস্কি, ওয়েসলি বারেসি, বার্নার্ড লুটস ও ব্র্যাডলি ক্রুগার। কে জানে, জন্মভূমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কে আলো ছড়ান আজ!জন্মভূমির বিপক্ষে খেলছেন বলে এঁদের দেশদ্রোহী বলতে পারেন, কিন্তু মুদ্রার উল্টোপিঠে অন্যকিছু জমা থাকতেই পারে! ভাগ্য তাঁদের দাঁড় করিয়ে দিচ্ছে জন্মভূমির বিপক্ষে, কিন্তু জন্মভূমির পক্ষে না খেলে বিপক্ষে খেলতে হচ্ছে বলে কম আবেগতাড়িত তাঁরা? ভাগ্যান্বেষণে পাকিস্তান থেকে চিমা কানাডায় পাড়ি জমিয়েছেন বছর দশেক আগে। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেখানেই। পাকিস্তান দলে হয়তো জায়গাই হতো না তাঁর। কানাডা দলে খেলছেন বলেই হয়তো খেলতে পেরেছেন বিশ্বকাপে। তবু পাকিস্তানকে নিয়ে আবেগাপ্লুত চিমা। তবে আবেগের কাছে তিনি পেশাদারির পরাজয় দেখতে চান না, ‘আপনি যে দেশের বা যে দলের হয়েই খেলেন, সেটা আপনার দল। আমি পাকিস্তানকে হারানোর স্বপ্নই দেখছি।’ ডেসকাটের জন্ম দক্ষিণ আফ্রিকায়। বেড়ে ওঠা ও ক্রিকেটের হাতেখড়িও সেখানেই। কিন্তু এখন তিনি হল্যান্ড দলের অন্যতম স্তম্ভ। দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেলে খেলবেন কি না, উত্তরে বলেছেন, ‘আমি এ রকমটা কখনো ভাবিইনি।’