আজ থেকে আবার ক্রিকেটারদের অনুশীলন
এক সপ্তাহের বিশ্রামের পর আজ আবার অনুশীলনে নামছেন ক্রিকেটাররা। ক্রিকেটাররা বলতে ইংল্যান্ডগামী ‘এ’ দলের সম্ভাব্যরা এবং জাতীয় দলের অন্য খেলোয়াড়েরাই। অনূর্ধ্ব-২৩ দল মাঝের এই সময়টাতেও ব্যস্ত ছিল অনুশীলনে। আগে ঠিক ছিল আজ থেকে ‘এ’ দল ও জাতীয় দলের খেলোয়াড়দের সম্মিলিত অনুশীলন শুরু হবে ২০ জনকে নিয়ে। শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। খেলোয়াড়সংখ্যা অনেকটা আগের মতোই থাকছে। তবে অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে কিছু খেলোয়াড় অদলবদল হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক আকরাম খান। সাব্বির আহমেদকে যেমন দিয়ে দেওয়া হয়েছে অনূর্ধ্ব-২৩ দলে। তেমনি হঠাৎ বয়স নিয়ে বিভ্রান্তি এসে পড়ায় মুক্তার আলী, আল-আমিন চলে এসেছেন ‘এ’ দলে।
সম্মিলিত এই অনুশীলনটাও আর কিছুদিন পর দুই ভাগ হয়ে যাবে। ১৭ জুলাই থেকে নিজেদের মধ্যে দুই-তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলবে ক্রিকেটাররা। ২৪-২৫ তারিখে ঘোষিত হবে ‘এ’ দল, যাতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের থাকার সম্ভাবনা আছে। বাকি ক্রিকেটারদের নিয়ে শেন জার্গেনসেন ঢাকাতেই চালিয়ে যাবেন অনুশীলন ক্যাম্প। ‘এ’ দলের কোচ হয়ে জার্গেনসেনেরও ইংল্যান্ড সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাচ্ছেন না তিনি। ছুটি কাটিয়ে গতকাল রাতে ঢাকায় পৌঁছানোর কথা কোচের। আজ দুপুরে অনুশীলন শুরু হওয়ার আগে কোচ-নির্বাচকদের আলোচনায় বসার কথা ভবিষ্যৎ করণীয় নিয়ে। প্র্যাকটিস ম্যাচের সূচিও চূড়ান্ত হওয়ার কথা সেখানেই।
আজ থেকে পুরোদমে স্কিল ট্রেনিং শুরু হলেও ক্যাম্পের প্রথমভাগে হয়েছে মূলত ফিটনেস ট্রেনিং, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করতে হয়েছে সেখানে। তবে এত পরিশ্রমের পরও খেলোয়াড়দের উৎসাহ দেখে খুশি জাতীয় দলের ট্রেনার ডেভিড ডয়ার, ‘এ রকম কঠোর পরিশ্রমের ট্রেনিংয়েও খেলোয়াড়েরা যে রকম ইতিবাচক মানসিকতা দেখিয়েছে, সেটা খুবই ব্যতিক্রমী এবং পেশাদার। ফিটনেস ট্রেনিংয়ের মানটাকে আমরা অনেক ওপরে নিয়ে এসেছি। সেটা ধরে রাখাই এখন চ্যালেঞ্জ।