আজ থেকে আবার জাতীয় লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ডাবল সেঞ্চুরি, আরও দুটি সেঞ্চুরি। ৫ ম্যাচে ৫২৭ রান, দুর্দান্ত পারফরম্যান্স সন্দেহ নেই। আসিফ আহমেদ তবু নিজেই সন্দিহান, ফর্ম আছে কি নেই। সর্বশেষ ম্যাচটির পর আজ যখন আবার মাঠে নামছেন, মাঝে যে পেরিয়ে গেছে দেড় মাস!
গত এশিয়া কাপে যখন ধুঁকছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা, জাতীয় লিগে তখন রানবন্যা ছোটাচ্ছেন আসিফ। বোলাররা থামাতে না পারলেও বন্ধ হয়েছে সেই বান। খেলাই না থাকলে রান হবে কোত্থেকে! এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় লিগে ছিল দীর্ঘ বিরতি। অবশেষে আজ ষষ্ঠ রাউন্ডের খেলা দিয়ে শুরু হচ্ছে আবার জাতীয় লিগ। জাতীয় লিগের ম্যাচ দিয়েই ছুটি শেষে আবার মাঠে ফিরছেন জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার।
বাংলাদেশে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য অনুশীলন-সুবিধার বেহাল অবস্থা সবারই জানা। আসিফ তবু ছন্দটা ধরে রাখতে গুলশান ইয়ুথ ক্লাবে অনুশীলন চালিয়ে গেছেন কোচ সারওয়ার ইমরানের কাছে, ম্যাচ অনুশীলনের জন্য খেলেছেন খুলনা লিগে। তার পরও নিশ্চিত নন সেই ছন্দটা টিকে আছে কি না। আত্মবিশ্বাসটা অবশ্য হারাননি ঢাকা মহানগরের এই ব্যাটসম্যান, ‘লম্বা বিরতিতে ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কা তো থাকেই। ফর্ম ব্যাপারটার তো গ্যারান্টি নেই। তবে নেতিবাচক ভাবলে ভালো কিছু হওয়ার সুযোগ নেই, ওসব তাই ভাবতে চাইছি না। আমি আমার মতো অনুশীলন করে গেছি। আশা করি, যেখানে বিরতি পড়েছিল, আবার সেখান থেকেই শুরু করতে পারব। ছন্দটা টিকে থাকবে।’
আসিফ তবু ঢাকার বলে অনুশীলনের খানিকটা সুযোগ পেয়েছেন। বাকি অনেকেরই নিশ্চয়ই ভাগ্য এতটা সুপ্রসন্ন নয়! অনেকের জন্যই এটি হবে তাই নতুন করে শুরু। জাতীয় দলের বাইরে থাকাদের জন্য এই রাউন্ড মরচে ছাড়ানোর, আর জাতীয় দলের অনেকের জন্য নিজেদের ফিরে পাওয়ার। পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা বিভাগের প্রতিপক্ষ আজ তলানিতে থাকা বরিশাল। কক্সবাজারে ঢাকা মহানগরের প্রতিপক্ষ খুলনা, বিকেএসপিতে রাজশাহীর লড়াই চট্টগ্রামের সঙ্গে ও ফতুল্লা আউটার স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ রংপুর।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার ড্র পয়েন্ট
ঢাকা বিভাগ ৫ ৩ ১ ১ ৮৭
রাজশাহী ৫ ২ ০ ৩ ৬৫
সিলেট ৫ ২ ২ ১ ৬২
খুলনা ৫ ১ ০ ৪ ৫৯
ঢাকা মহানগর ৫ ১ ২ ২ ৫৪
রংপুর ৫ ১ ১ ৩ ৪৬
চট্টগ্রাম ৫ ১ ২ ২ ৪০
বরিশাল ৫ ০ ৩ ২ ২৩
জয় ১৬ পয়েন্ট, ড্র ৩ পয়েন্ট। এ ছাড়া ব্যাটিং, বোলিং ও ড্র ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকার বোনাস পয়েন্ট রয়েছে।