আজ থেকে আবার জাতীয় লিগ
প্রায় চার মাস পর আজ আবার শুরু হচ্ছে ১৩তম জাতীয় লিগের অসমাপ্ত খেলা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য গত ২১ ডিসেম্বর যখন খেলা বন্ধ হলো, ফাইনালসহ লিগের তখনো তিনটি ম্যাচ বাকি। দ্বিতীয় পর্বের খেলায় আজ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট ও রাজশাহী বিভাগীয় দল। ফতুল্লায় খুলনা খেলবে ঢাকা মহানগর দলের বিপক্ষে। মিরপুরে পাঁচ দিনের ফাইনাল শুরু হবে ২৬ এপ্রিল।পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিলেটের হয়ে জাতীয় লিগে খেলতে এসেছেন ভারতীয় ক্রিকেটার রাহুল দেওয়ান। হরিয়ানার এই প্রথম শ্রেণীর ক্রিকেটার প্রিমিয়ার লিগে খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।প্রিমিয়ার লিগের জন্য বন্ধ হয়েছিল জাতীয় লিগ। অথচ আজ যখন আবার শুরু হচ্ছে জাতীয় লিগের খেলা, তখনো শেষ হয়নি প্রিমিয়ার লিগ! অদক্ষ সিসিডিএম বিষয়টি ঠিকভাবে সামলাতে না পারায় এবং বড় ক্লাবগুলোর মাঠের বাইরের যুদ্ধে স্থবিরতা চলছে লিগে। এই স্থবিরতা কাটাতে কাল ভিক্টোরিয়া ছাড়া সুপার লিগের বাকি পাঁচ ক্লাবের কর্মকর্তারা আলোচনায় বসেছিলেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘মোহাম্মদ ইউসুফের নিবন্ধনের বৈধতা এবং সিসিডিএমের ব্যাপারে ক্লাবগুলো তাদের বক্তব্য জানিয়েছে। সব ক্লাবই বলেছে তারা অনতিবিলম্বে লিগ খেলতে চায়। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বোর্ড সভাপতিও বলেছেন, জাতীয় লিগ শেষ হওয়ার পরপরই প্রিমিয়ার লিগ আবার শুরু হবে।’