আজ থেকে আবার মাঠে জাতীয় দল
শুরু থেকে সবাইকে একসঙ্গে পাওয়া যাবে না অনুশীলনে। ঈদের ছুটি এসে যাচ্ছে বলে আপাতত অনুশীলন চলবেও মাত্র চার-পাঁচ দিন। তারপরও জাতীয় দলের অনুশীলন শুরু হয়ে যাচ্ছে আজই। সামনে ত্রিনিদাদ সফর, এরপর বিশ্বকাপ। কোচ রিচার্ড পাইবাসের বসে থাকার সময় নেই।ইউরোপ সফর শেষে জাতীয় দলের প্রায় সব কোচিং স্টাফই চলে গিয়েছিলেন ছুটিতে। এখন আবার সবাই ঢাকায়। তবে বোলিং কোচ শেন জার্গেনসেন অনূূর্ধ্ব-১৯ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকবেন যুব বিশ্বকাপের গ্রুপ পর্ব পর্যন্ত। জাতীয় দলের অনুশীলনে তিনি যোগ দেবেন ঈদুল ফিতরের পর।ত্রিনিদাদ সফর ও বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে কোচ রিচার্ড পাইবাস শুরু থেকে পাবেন না অধিনায়কসহ চার খেলোয়াড়কেও। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও নাসির হোসেন শ্রীলঙ্কায়, খেলছেন কাল থেকে শুরু হওয়া এসএলপিএলে। কেন্ট লিগে খেলতে আশরাফুলও আছেন ইংল্যান্ডে। এ ছাড়া হাঁটুর সমস্যার কারণে এসএলপিএলে না যাওয়া সাকিব আল হাসানের চলছে পুনর্বাসন।ম্যানেজার তানজীব আহসান জানিয়েছেন, সাকিব দলের সঙ্গে থাকলেও আশরাফুল, মুশফিক, তামিম ও নাসির ঈদের ছুটির পর অনুশীলনে যোগ দেবেন। ঈদের পর অনুশীলন শুরু হবে ২৩ আগস্ট, ঈদের আগে চলবে ১৬ আগস্ট পর্যন্ত। বিসিবি একাদশ নামে জাতীয় দলের ছায়া দল ত্রিনিদাদ সফরে যাবে ৩১ আগস্ট। ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সেখানে একটি আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে তারা।