আজ থেকে মেয়েদের টি-২০
বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিজ্ঞতা মাত্র দুটি ম্যাচের, জয় একটি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মেয়েদের জয়ের সংখ্যা তিন হলেও খেলেছে তারা ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। সঙ্গে আছে সদ্য জেতা ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাই সব দিক দিয়েই এগিয়ে সফররত দলটি।বাংলাদেশ মহিলা দলের শ্রীলঙ্কান কোচ ওশাদি বীরাসিঙ্গে তার পরও আশাবাদী। শুধু ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা ভুলে থাকার পরামর্শ দিচ্ছেন দলের খেলোয়াড়দের। ‘শেষ ম্যাচের ফলাফল ভুলে গিয়ে আমাদের উচিত সবকিছু নতুন করে শুরু করা’—মিরপুরে কাল অনুশীলন শেষে বলেছেন কোচ। তবে ভুলে যাওয়া যাবে না ওয়ানডে সিরিজে বাংলাদেশের মেয়েদের বাজে ফিল্ডিংও। সেই ভুল থেকেও কি শিক্ষা নেওয়া উচিত নয়? বীরাসিঙ্গে অবশ্য এটিকে খুব বড় করে দেখছেন না, ‘যেমন হয়েছে, আমার মনে হয় না আমরা অতটা খারাপ ফিল্ডিং দল। খেলোয়াড়েরা ক্যাচ ভালোই নিতে পারে, তবে কোনো কারণে হয়তো গত দুই ম্যাচে ব্যর্থ হয়েছে।’শেষ ম্যাচ বাদ দিলে ১-২ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে কোচকে সন্তুষ্টই মনে হচ্ছে, ‘শেষ ম্যাচে ভালো না করলেও প্রথম দুই ম্যাচের ব্যাটিং-বোলিং আমাদের আত্মবিশ্বাসী করছে।’ সেই আত্মবিশ্বাস থেকেই টি-টোয়েন্টি সিরিজের ফলাফলটা উল্টে দিতে চাইছেন বীরাসিঙ্গে, ‘দুই দলই ভালো খেলছে। এই সিরিজের ফলাফলটা তাই আগে থেকে অনুমান করা কঠিন।’দক্ষিণ আফ্রিকার মেয়েদের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। সে হিসেবে নিজেদের প্রাথমিকভাবে সফল মনে করছেন অধিনায়ক মিগনন ডু প্রিজ, ‘এখানে এসে স্পিনারদের বিপক্ষে খেলায় উন্নতি আনতে পেরেছি আমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল।’ টি-টোয়েন্টির বাংলাদেশ মহিলা দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান, শারমিন আক্তার, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, লতা মণ্ডল, নুজহাত তাসনিম, খাদিজাতুল কুবরা, রিতু মণি, লিলি রানী, তাজিয়া আক্তার, সানজিদা ইসলাম ও তিথি রানী।