আজ থেকে শুরু ছয় জাতি হ্যান্ডবল
বাংলাদেশকে সৌভাগ্যবান বলা যেতেই পারে। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের প্রতিনিধি ও পাকিস্তান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিক আহমেদও কাল টুর্নামেন্ট শুরুর সংবাদ সম্মেলনে বললেন কথাটা, ‘আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন আপনাদের যে সুযোগ দিল, সেটা আমরা পাইনি। এই দিক দিয়ে বাংলাদেশ অবশ্যই সৌভাগ্যবান।’আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) তত্ত্বাবধানে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু ছয় জাতির আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফিটাই বাংলাদেশের জন্য সেই সুযোগ। সারা বিশ্বেই পর্যায়ক্রমে এমন টুর্নামেন্ট আয়োজন করবে আইএইচএফ, যার শুরুটা হচ্ছে বাংলাদেশে।অনূর্ধ্ব-২১ বয়সীদের এই টুর্নামেন্ট হবে দুটি গ্রুপে। এক নম্বর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। আফগানিস্তান, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে দুই নম্বর গ্রুপ। আজ সকাল ১০টায় উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। ফাইনাল ১১ এপ্রিল। সর্বশেষ বাংলাদেশে এমন বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল ২০০০ সালে, এশীয় মহিলা হ্যান্ডবল। এর আগে ১৯৯৫ সালে হয়েছিল কমনওয়েলথ হ্যান্ডবল।টুর্নামেন্ট চলাকালে হ্যান্ডবল প্রশিক্ষক, রেফারি ও শারীরিক শিক্ষকদের প্রশিক্ষণ হবে ঢাকায়। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। যার মধ্যে আইএইচএফ দিচ্ছে প্রায় ৭০ লাখ টাকা। বাকিটা দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স ও সাউথ ইস্ট ব্যাংক। এ ছাড়া সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ইব্রাহিম চেঙ্গিস দিচ্ছেন ১ লাখ টাকার অনুদান।সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএইচএফের জার্মান প্রতিনিধি হেইস থমাস, ফ্রান্স প্রতিনিধি ইয়ান লরেন্স, পাকিস্তান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিক আহমেদ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (কোহিনূর) প্রমুখ।