এক দিন বিরতির পর আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার হকি লিগ। গ্রুপ পর্ব শেষ। আজ মেরিনার্স-বাংলাদেশ স্পোর্টিং দিয়ে শুরু হচ্ছে সুপার লিগের খেলা, দিনের অন্য ম্যাচে ঊষার প্রতিপক্ষ ওয়ান্ডারার্স। আবাহনী, মোহামেডান, ঊষা, মেরিনার্স, বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ান্ডারার্স খেলবে সুপার লিগে।
১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষে ছিল ঊষা। সমান ম্যাচে ৯ জয়, ১ ড্র ও ১ হারে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে মেরিনার্স। ৮ জয়, ২ ড্র ও ১ হারে ২৬ পয়েন্ট নিয়ে মোহামেডান তৃতীয় ও আবাহনী চতুর্থ। ৪ জয়, ৩ ড্র ও ৪ হারে সমান ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ান্ডারার্স ষষ্ঠ। এবারের ১১টি ম্যাচের সবগুলোতেই হেরে অবনমিত হয়েছে রেলওয়ে। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি গোল করেছে মাত্র ৪টি, খেয়েছে রেকর্ড ১২৩ গোল!
এ পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা দুজন, দুজনই মোহামেডানের। ২০ গোল করেছেন বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি ও পাকিস্তানের তাসওয়ার আব্বাস। তাসওয়ার অবশ্য জিমির চেয়ে ৪টি ম্যাচ বেশি খেলেছেন। চোটের কারণে প্রথম ৪ ম্যাচ খেলতে পারেননি জিমি।
ঘটনাবহুল গ্রুপ পর্বে মোহামেডানের ম্যাচে আম্পায়ারের সঙ্গে মোহামেডান খেলোয়াড়দের গন্ডগোল নিয়মিত একটা দৃশ্য হয়ে দাঁড়িয়েছিল। বিদেশি আম্পায়ারদের সিদ্ধান্ত মানতে অবশ্য বেশির ভাগ ক্লাবেরই ছিল অনীহা। তবে শেষ দিকে এসে রেফারেল পদ্ধতি চালু করে ফেডারেশন। তবে এই রেফারেল পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন ঊষার কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশীদ, ‘রেফারেল পদ্ধতির সুবিধা সবাই পাচ্ছে না। ফেডারেশনের কোন কর্মকর্তারা রেফারেল কমিটিতে আছেন, সেটাই আমাদের জানানো হয়নি। গত ম্যাচেও কয়েকটি সিদ্ধান্ত সঠিক হয়নি।’