আজ থেকেই ট্র্যাকে ‘বিদ্যুচ্চমক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখো দর্শকে ঠাসা স্টেডিয়ামে পিতপতন নীরবতা, টিভি পর্দার সামনে কোটি দর্শকের শ্বাসরুদ্ধকর প্রতীক্ষা, গা শিউরে ওঠা রোমাঞ্চ, পলক ফেলতেই প্রতীক্ষার অবসান—১০ সেকেন্ডের কম সময়ে এই গ্রহ পেয়ে যাবে তার দ্রুততম সন্তান!নিশ্চয়ই সবাই বুঝে গেছেন। অ্যাথলেটিকসের তো বটেই, সম্ভবত বিশ্ব ক্রীড়ার সবচেয়ে রোমাঞ্চকর ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। অবিসংবাদিতভাবে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টও। লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে আজই সেই বহু প্রতীক্ষিত ইভেন্টের প্রাথমিক পর্ব ও প্রথম রাউন্ড। আজই ট্র্যাকে নামছেন বোল্ট-গে-ব্লেকরা।অবশ্য অর্ধেই বলা হলো এতে। উসাইন বোল্ট রাজত্ব ধরে রাখবেন, নাকি স্প্রিন্ট পাবে নতুন কোনো রাজা, এটা জানতে অপেক্ষা করতে হবে আরও এক দিন। সেমিফাইনাল ও ফাইনাল কাল। ফেবারিটরা হয়তো প্রাথমিক পর্বগুলো পার হবেন অনায়াসেই। তবে অলিম্পিক তো শুরুতে সবাইকে রাখে একই কাতারে! ওই ধাপগুলো পেরিয়ে ফাইনালে আসতে হবে বোল্টদেরও।তবে দ্রুততম মানবীকে অলিম্পিক পেয়ে যাবে আজই। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক ও প্রথম রাউন্ড হয়ে গেছে কাল। আজ সেমিফাইনাল ও ফাইনাল। বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কার্মেলিয়া জেটারের সঙ্গে জোর লড়াই হবে দুই জ্যামাইকান ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন ও শেলি অ্যান ফ্রেজারের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স ও ত্রিনিদাদের কেলি-অ্যান ব্যাপ্টিস্টও ছেড়ে কথা বলবেন না। আজ বাংলাদেশ সময় রাত দুইটা ৫৫ মিনিটে ফাইনাল। তবে বাস্তবতা হলো, বড় কোনো তারকার অভাবেই হোক বা চমকপ্রদ কোনো টাইমিং না হওয়ায়, মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট অনেক দিন ধরেই আলোটা ঠিক কেড়ে নিতে পারছে না। সব আলো যেন ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টেই। গোটা বিশ্বের দর্শককে বরাবরই চুম্বকের মতো টানে এই ইভেন্ট। তবে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস এবার আকর্ষণটাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। অনেকের ধারণা, এটা হতে যাচ্ছে ইতিহাসের সেরা ১০০ মিটার স্প্রিন্ট। কারণ, লড়াইটা এবার দ্বিমুখী-ত্রিমুখী বা চতুর্মুখীও নয়, পঞ্চমুখী! গাড়ি দুর্ঘটনা আর পিছু না ছাড়া চোট মিলিয়ে কিছুদিন ধরেই সেরা সময়ের ছায়া হয়ে আছেন বোল্ট। তবে বোল্টের ছায়ারও এতটা গতি যে বেইজিংয়ের রাজা ফেবারিট এবারও। চার বছর আগের সঙ্গে পার্থক্যটা হলো, এবার বোল্ট না জিতলেও বিস্ময়কর কিছু হবে না! জিততে পারেন ব্লেক-গে-পাওয়েল-গ্যাটলিন—যে কেউ।বোল্টের সবচেয়ে বড় হুমকি তাঁর অনুশীলনসঙ্গী ইয়োহান ব্লেক। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বলেই শুধু নয়, জ্যামাইকান ট্রায়ালেও ১০০ও ২০০ মিটারে বোল্টকে হারিয়েছেন ব্লেক। আরেক জ্যামাইকান আসাফা পাওয়েল চাইছেন সম্ভাব্য শেষ অলিম্পিককে স্মরণীয় করে রাখতে। চোটটা বাগড়া না দিলে কাউকে ছেড়ে কথা বলবেন না, জানিয়ে দিয়েছেন টাইসন গে। আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা জাস্টিন গ্যাটলিনও হুমকি দিয়ে রেখেছেন বোল্টকে। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে ক্যারিয়ার-সেরা টাইমিং গড়ে গ্যাটলিন বুঝিয়ে দিয়েছেন, শুধু ফাঁকা বুলি আওড়াচ্ছেন না। এই পাঁচজনের বাইরেও আছেন চেনা আরেকজন। কে জানে, গোধূলি বেলায় কোনো বিস্ময় জমা রেখেছেন কি না বর্ষীয়ান স্প্রিন্টার কিম কলিন্স!আজ অলিম্পিক শুরু হচ্ছে পোল ভোল্টের রেকর্ড কন্যা ইয়েলেনা ইসিনবায়েভারও। এদিন অবশ্য শুধুই বাছাইপর্ব। অনেক দিন ধরেই জাদুর কাঠিটা হারিয়ে ফেলেছেন ইসিনবায়েভা। তবে বড় মঞ্চ আর হ্যাটট্রিক অলিম্পিক পদকের হাতছানিই হয়তো জাগিয়ে তুলবে তাঁকে! বেইজিংয়ে ৫ হাজার ও ১০ হাজার মিটারের ডাবল জয়ী কেনেনিসা বেকেলে আজ ট্র্যাকে নামবেন তাঁর ১০ হাজারের সোনা ধরে রাখতে। এএফপি, রয়টার্স।