আজ দাবার নির্বাচন
দাবার নির্বাচন ঘিরে নাটকীয়তা চলছেই। এ নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু গতকাল ওই স্থগিতাদেশের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য আবারও স্থগিত করেন আদালতের চেম্বার জজ। এরই পরিপ্রেক্ষিতে আজ তাই নির্বাচন হতে কোনো বাধা নেই।
সম্মিলিত দাবা পরিষদ স্থগিতাদেশ এনেছিল হাইকোর্ট থেকে। সেটা আপাতত উঠে যাওয়ায় কাল সমমনা দাবা পরিষদ ঘটা করে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। যথারীতি সেখানে প্রতিশ্রুতির ফুলঝুরি বইয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ শাহাবুদ্দিন শামীম। যেমনভাবে গত নির্বাচনে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান সাধারণ গাজী সাইফুল তারেক। এবার তিনি সহসভাপতি প্রার্থী পদে লড়বেন এই সমমনা পরিষদ থেকেই।
এবারের নির্বাচনে ২৫ সদস্যের কমিটিতে চার সহসভাপতি পদে লড়ছেন ছয়জন। একটি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন গত কমিটির সহসভাপতি শাহাবুদ্দিন শামীম, মোকাদ্দেস হোসাইন ও মিজানুর রহমান। যদিও সম্মিলিত দাবা পরিষদের ব্যানারে প্রার্থী হওয়া মোকাদ্দেস হোসাইন জানিয়েছেন, তাঁরা নির্বাচন বর্জন করেছেন। চূড়ান্ত কাউন্সিলর তালিকায় অনিয়ম ও পক্ষপাতিত্বের প্রতিবাদেই নাকি এই সিদ্ধান্ত। দুই যুগ্ম সম্পাদক পদের জন্য লড়বেন চারজন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ। ১৬টি সদস্যপদে প্রার্থী হয়েছেন ১৮ জন। দাবার নির্বাচনে ভোটার ৯৫ জন।