আজ দুজনার দুটি পথ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেবেতো-রোমারিও সম্পর্কটা আর এই ছবির মতো নেই l ফাইল ছবি
বেবেতো-রোমারিও সম্পর্কটা আর এই ছবির মতো নেই l ফাইল ছবি

একটা সময় একনিঃশ্বাসেই উচ্চারিত হতো দুজনের নাম৷ এখনো একজনের প্রসঙ্গ উঠলেই অবধারিতভাবে চলে আসে আরেকজন৷ দুজনের উত্থান, এগিয়ে চলা, ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো, সবই প্রায় হাত ধরাধরি করে৷ দুজনের জুটি অমর হয়ে আছে ফুটবল ইতিহাসের সর্বকালীন সেরা স্ট্রাইকিং জুটিগুলোর একটি হয়ে৷ খেলা ছাড়ার পর দুজনই জড়িয়েছেন রাজনীতিতে৷ চার বছর আগে নির্বাচনে জিতেছেন দুজনই৷ তবে জীবনের গতিপথ একই হলেও আজ দুজনার দুটি পথ দুটি দিকে বেঁকে গেছে৷ ব্রাজিলে বিশ্বকাপ নিয়ে রোমারিও-বেবেতার অবস্থান দুই মেরুতে৷ নানা ইস্যুতে যখন সোচ্চার ৪৮ বছর বয়সী রোমারিও, বিশ্বকাপ আয়োজনকেই মনে করেন ‘গরিবের ঘোড়ারোগ’, ৫০ বছর বয়সী বেবেতো সেখানে বিশ্বকাপের শুভেচ্ছাদূত!
দুই বছরের বড় বেবেতোর ব্রাজিল দলে অভিষেকও রোমারিওর দুই বছর আগে, ১৯৮৫ সালে৷ তবে দলে থিতু হওয়া, ভরসা হয়ে ওঠা কাছাকাছি সময়েই৷ ১৯৯০ বিশ্বকাপেও ব্রাজিল আস্থা রেখেছিল এই দুই তরুণ স্ট্রাইকারে, কিন্তু আশা পূরণ হয়নি৷ দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল৷ চার বছর পর দুই যুগের খরা ঘুচিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতান দুজন৷ ৫ গোল করে গোল্ডেন বুট ও বল জেতেন রোমারিও, বেবেতোর পা থেকে আসে গুরুত্বপূর্ণ ৩টি গোল৷ ব্রাজিল ফুটবলের রেকর্ডও দুজনকে রেখেছে কাছাকাছি৷ দেশের হয়ে ৭৫ ম্যাচ খেলেছেন বেবেতো, ৭০ রোমারিও৷ ৫৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোমারিও তিনে, ৩৯ গোল নিয়ে পাঁচে বেবেতো৷
মাঠের বাইরে অবশ্য দুজন বরাবরই উল্টো চরিত্রের৷ রোমারিও আজীবনের প্রতিষ্ঠা-বিরোধী, খ্যাপাটে, বিদ্রোহী৷ যা ইচ্ছে বলেন এবং করেন, কোনো কিছুর ধার ধারতে চান না৷ ছেলেবেলা থেকেই ফুর্তিবাজ, রাতভর মেতে থাকেন পার্টিতে৷ অন্যদিকে বেবেতো বরাবরই ক্লাসের ভালো ছেলে, মা-বাবার আদর্শ সন্তান৷ ধর্মপ্রাণ খ্রিষ্টান৷ স্থিতধী চরিত্রের সঙ্গে মানানসই স্মিত হাসি লেগে আছে সব সময়ই৷ পরিপাটি থাকতে পছন্দ করেন, নিজস্ব ডিজাইনের পোশাক গায়ে চাপান৷ পছন্দ করেন বিলাসী গাড়ি৷
চরিত্রের ভিন্নতা কিন্তু বাধা হতে পারেনি দুজনের বন্ধুত্বে৷ পরস্পরকে জড়িয়ে ম্যাগাজিনের প্রচ্ছদে এসেছেন দুজন, অনেক ফটোসেশন করেছেন একসঙ্গে৷ বন্ধুত্বের প্রতিফলন ছিল মাঠে সমঝোতায়ও৷ ১৯৯৪ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে রোমারিওর পাস থেকে গোল করার পর বেবেতো চিৎকার করে বন্ধুর দিকে তাকিয়ে বলেছিলেন, ‘আই লাভ ইউ!’ পরের ম্যাচে দুজনের গোল উদ্যাপন তো বিশ্বক্রীড়ার ইতিহাসেই আলাদা একটি ধারা তৈির করে, যা চলছে এখনো৷ হল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচের দুই দিন আগে তৃতীয় সন্তানের বাবা হন বেবেতো৷ হল্যান্ডের বিপক্ষে গোল করার পর মাঠের এক পাশে ছুটে যান বেবেতো, সঙ্গী হন রোমারিও ও মাজিনহো৷ এরপর তিনজন মিলে সেই ‘বাচ্চা দুলুনি’ উদ্যাপন!
প্রায় তিন দশকের এই সম্পর্কে চিড় ধরিয়েছে নিজ দেশের বিশ্বকাপ আয়োজন৷ ২০১০ সালে ডেমোক্রেটিক লেবার পার্টির টিকিটে রিও ডি জেনিরোর রাজ্যসভার নির্বাচনে জিতেছেন বেবেতো৷ ব্রাজিলিয়ান সোশ্যালিস্ট পার্টির টিকিটে ব্রাজিলের জাতীয় সংসদের নিম্নকক্ষের নির্বাচনে জিতেছেন রোমারিও৷ ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনবিরোধী আন্দোলনের সোচ্চার সমর্থক ও উৎসাহদাতা রোমারিও৷ বলে আসছেন, বিশ্বকাপ আয়োজনের ১১ বিলিয়ন ডলার ব্যয় করা উচিত ছিল শিক্ষা, স্বাস্থ্য আর পরিবহন খাতে৷ ফিফার সঙ্গে সম্পর্কটা বরাবরই তেলে-বেগুনে৷ গত মার্চে ফিফা সেক্রেটারি জেনারেল জেরম ভালকেকে বলেছিলেন, ‘ব্ল্যাকমেইলার৷’ ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে বলেছেন, ‘দুন৴ীতিগ্রস্ত চোর’ আর ‘বেশ্যার ছেলে৷’ গত কনফেডারেশনস কাপের সময় বলেছিলেন, ‘ফিফা একটি সার্কাস আয়োজন করে এক পয়সাও খরচ না করে হাতিয়ে নিচ্ছে প্রচুর অর্থ৷’ বেবেতো সেখানে রোনালদোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে কাজ করছেন ফিফার সঙ্গে৷ আছেন রিও ডি জেনিরোর বিশ্বকাপ আয়োজক কমিটিতেও৷ কদিন আগে রোমারিও বললেন, ‘বিশ্বকাপ শুরুর সময়ও ব্রাজিলের প্রস্তুতি শেষ হবে না৷’ জবাবে বেবেতো বলেছিলেন, ‘অনেক প্রতিবন্ধকতা পেরোতে হয়েছে আমাদের, ব্রাজিলিয়ানদের অনেক কষ্ট আর পরিশ্রমে আমরা আজকের অবস্থায় এসেছি৷’
দুজনের বিরোধ প্রকাশ্য হয় সংস্কার করা মারাকানা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে৷ বেবেতোকে রোমারিও কথা দিয়েছিলেন ম্যাচটি খেলবেন৷ কিন্তু ম্যাচের দিন রোমারিও এলেন না! পরে বললেন ‘ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সৌন্দর্য নষ্ট করে ফেলেছে আয়োজকেরা৷’ গত অক্টোবরে আবার নিউইয়র্ক টাইমসকে বললেন, ‘হয় রোনালদো আর বেবেতো সবকিছু জানে না কিংবা জেনেও না-জানার ভান করছে৷ যেটাই হোক, এটাকে বলে স্রেফ মূর্খতা৷’ বেবেতো অবশ্য নিজের মতো করেই জবাব দিয়েছেন চেনা হাসিতে, ‘রোমারিওর সঙ্গে আমার সম্পর্কটা এমন যে আমরা চিরদিনই বন্ধু থাকব৷ ও ওর ভাবনামতো চলে, আমি আমার মতো৷’
দুজনের সম্পর্ক এখন তাই অনেকটা ‘বন্ধু তুমি, শত্রু তুমি...৷’ এই লড়াইয়ের বিজয়ীকে পাওয়া যাবে বিশ্বকাপের সময়ই...মাঠের বাইরে! এএফপি৷