আজ দেশে ফিরছে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডকে ধবলধোলাই করার আনন্দ অনেকটাই ম্লান হল্যান্ড সফরে পাওয়া লজ্জায়। বাংলাদেশ দলের দেশে ফেরার মুহূর্তে তাই মিশে থাকবে দুঃখও। ১৮ দিনের ইউরোপ সফর শেষে মুশফিকুর রহিমের দল ঢাকায় ফিরবে আজ দুপুরে।টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হয়েছে ইউরোপ সফরকে। আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০তে সিরিজ জয়ের পর মনে হচ্ছিল, বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস সঞ্চয়ের কাজ ভালোই হচ্ছে। কিন্তু হল্যান্ডে গিয়ে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হার, পরের ম্যাচটা হল্যান্ডের বিপক্ষে জিতলেও শেষ ম্যাচে আরেকটি হার ইউরোপ সফরের শুরুর সাফল্য ভুলিয়ে দেওয়ারই আয়োজন করছে। যদিও একটা তৃপ্তি আছে যে, এই জোড়া সফর বাংলাদেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে রাখছে (আপাতত ৯-এ)। আজ দলের সঙ্গে ফিরবেন না কোনো কোচই। হেড কোচ রিচার্ড পাইবাস ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন ৯ আগস্ট, ফিল্ডিং কোচ জেসন সুইফট ৬ আগস্ট। বোলিং কোচ শেন জার্গেনসেন অস্ট্রেলিয়ায় গিয়ে সময় দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ যুব দলকে। কেন্ট লিগে খেলতে চলে যাবেন মোহাম্মদ আশরাফুল ও চোখের ডাক্তার দেখাতে জহুরুল ইসলাম যাবেন ব্রিস্টলে। আগস্টের প্রথম সপ্তাহে ফিরে আসবেন তাঁরাও।