
২০০৪। ২০০৭। ২০১২। ভারতের বিপক্ষে ম্যাচ হলেই এই সংখ্যাগুলো মাথায় ঘোরে। সংখ্যা তো নয়, আসলে সাল। ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিনটি জয় এসেছিল ওই তিন বছরে। সে জন্যই যেকোনো ধরনের ক্রিকেটে সামনে ভারত মানেই ওই তিন বছরের পুনরাবৃত্তির আশা।
কিন্তু ওই তিনটি বছর ছাড়াও যে মাঝে অনেক শীত-বসন্ত চলে গেছে, সে খবর কে রাখে! ভারত মানে শুধু বাংলাদেশের জয় নয়, ভারত মানে এখন পর্যন্ত একটাই টি-টোয়েন্টি খেলে ২৫ রানে হার। ভারত মানে সাতটি টেস্ট খেলে তিনটিতেই ইনিংস পরাজয়। বাকিগুলোর কোনোটাতে ১১৩ রানে, কোনোটাতে বা ৯-১০ উইকেটে। ভারত মানে ওয়ানডেতে ৩টি জয় হলেও ২৫ ম্যাচের ২২টিতেই পরাজয় মেনে নেওয়া।
মিরপুরে আজ সন্ধ্যায় ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ভারতের কথা সে কারণেই বেশি আসছে। নইলে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি তিন ম্যাচের কোনটাতেই বা বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে! ভারত পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া? গ্রুপে এক অর্থে সবচেয়ে ‘সহজ’ প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে বড় দলগুলোর মধ্যে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই জয় আছে বাংলাদেশের। সেটিও দু-দুবার। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এবার দাঁড়াতেই পারেনি। আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে পরাজয়ের গ্লানির সঙ্গে যোগ হয়ে যা আরও নাড়িয়ে দিয়েছে মুশফিকদের আত্মবিশ্বাস।
এমন বিষাদে ভরা নিকট অতীত পেছনে ফেলেও ভারত, পাকিস্তান বা অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ বিশ্বকাপের শেষ ভাগে চাঞ্চল্য জাগালে সেটা হবে অলৌকিক কিছু। হ্যাঁ, বাংলাদেশ যে এই দলগুলোকে কখনো হারায়নি, তা নয়। কিন্তু সেই জয়গুলো এসেছে ওয়ানডেতে, হঠাৎ হঠাৎ। আর এখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই সংস্করণেই বাংলাদেশ দল এখন পর্যন্ত সবচেয়ে আনাড়ি। সবচেয়ে কম সাফল্যও এখানেই। কাজেই ওয়ানডের স্মৃতি আঁকড়ে ধরে স্বপ্নালু হওয়া কারও স্বপ্নভঙ্গ হলে, সে দায় একান্তই তাঁর। জয়ের চেয়ে বাস্তবসম্মত প্রত্যাশা বোধ হয়, একটু লড়াই করা।
মাঠে বাংলাদেশের দুর্দশা আর ভারতীয় ক্রিকেটকে ঘিরে বিতর্ক মাঠের বাইরে। প্রথম দুই ম্যাচে জিতলেও আইপিএল আর বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনকে নিয়ে ভারতের ক্রিকেট এখন টালমাটাল। তার কিছুটা ধাক্কা কি ভারত অধিনায়ক মহেন্দ্র ধোনির গায়েও লাগেনি! আইপিএলে শ্রীনিবাসনের দল চেন্নাই সুপার কিংসের অধিনায়কই শুধু নন, ধোনি শ্রীনিবাসনের কোম্পানি ইন্ডিয়া সিমেন্টসের কর্মকর্তাও।
সেই বিতর্কের কারণেই হয়তো কাল সংবাদ সম্মেলনে না এসে ধোনি পাঠালেন ব্যাটসম্যান রোহিত শর্মাকে। মিডিয়া ম্যানেজার ড. এন বাবা আবার সংবাদ সম্মেলনের শুরুতেই জানিয়ে দিলেন, প্রশ্ন করতে হবে শুধু বাংলাদেশ ম্যাচ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। ভারতে এ মুহূর্তে যা ঘটছে, সেসব নিয়ে নয়। প্রশ্ন হলো তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই। বিশ্বকাপই, রোহিত শর্মার সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময়ে মনেই হলো না, পরদিন ভারতের একটা খেলা আছে! প্রশ্নকর্তা ভারতীয় সাংবাদিকদের অনেকেরই চোখ সেমিফাইনাল-ফাইনালে। একজন তো এমনও জিজ্ঞেস করলেন, ২০০৭ সালের পর এবারই ভারতের জন্য চ্যাম্পিয়ন হওয়ার মোক্ষম সুযোগ কি না।
রোহিত অবশ্য প্রকাশ্যে পা’টা মাটিতেই রাখলেন। সত্যি সত্যি নাকি বলার জন্য বলা কে জানে, তবে বললেন, ‘গত দুই ম্যাচ আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে খেলেছি, এই ম্যাচেও তাই থাকবে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলাটা গুরুত্বপূর্ণ কারণ, তাদের পক্ষে প্রচুর দর্শক থাকবে। আমাদের তাই সেরা খেলাই খেলতে হবে।’
সন্দেহ উড়িয়ে দিয়ে ভাবা যায়, কথাটা মন থেকেই বলে থাকবেন রোহিত। মাঝে হারিয়ে যাওয়া শীত-বসন্ত না হয় বাংলাদেশ দেখেছে, ভারতের জন্য তো ২০০৪, ২০০৭ আর ২০১২ তিনটি ক্ষতেরই চিহ্ন!