আজ নাও খেলতে পারেন বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সকালেও অনুশীলন করেছেন। কিন্তু এর পরই ফ্লুতে আক্রান্ত হন বেল। ছবি: রয়টার্স
কাল সকালেও অনুশীলন করেছেন। কিন্তু এর পরই ফ্লুতে আক্রান্ত হন বেল। ছবি: রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। আজ শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষার পরই জানা যাবে রোনালদো মাঠে ফিরবেন কি না। কিন্তু যে রোনালদোর শূন্যতা এত দিন বুঝতে দিচ্ছিলেন না যিনি, এবার সেই গ্যারেথ বেলকেও হারিয়ে ফেলার শঙ্কায় রিয়াল মাদ্রিদ। আজ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে নাও খেলতে পারেন কদিন আগে বার্সেলোনাকে হারিয়ে কোপা ডেল রে শিরোপা এনে দেওয়া এই ফরোয়ার্ড। রিয়াল নিজেদের মাঠে আজ মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর বলছে, মঙ্গলবার সকালেও দলের সঙ্গে অনুশীলন করেছেন বেল। কিন্তু পরে টিম হোটেলে আর ছিলেন না। এর আগেই অসুস্থ হয়ে পড়েন। বেলের এই অসুস্থতা অবশ্য কোনো চোটজনিত কারণ নয়। ফ্লুতে (ভাইরাসজনিত জ্বর) আক্রান্ত হয়েছেন তিনি। যেহেতু অসুখটি ছোঁয়াচে এ কারণেই রিয়ালের চিকিত্সক দল তাঁকে বাসায় অবস্থানের নির্দেশ দিয়েছে। যেন এই রোগে দলের বাকি কেউ আক্রান্ত না হন।
শেষ পর্যন্ত বেল খেলতে না পারলে ৯০ শতাংশ ফিট হলেও রোনালদোকে মাঠে নামিয়ে দেবে রিয়াল। বেল-রোনালদো দুজনকে ছাড়াই নিজেদের মাঠে খেলার সুবিধা তুলে নেওয়া রিয়ালের জন্য যে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াবে।