আজ নাটকের শেষ অঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল প্রান্তরে দাঁড়িয়ে থাকা সকার সিটি স্টেডিয়ামের গা ঘেঁষে যে দুটি পাহাড়ের অবস্থান, তাতে নিশ্চয়ই আজ আর কোনো সোনার খনি লুকিয়ে নেই। সোনার হাতছানি নেই, সেই পঞ্চদশ-ষোড়শ শতকের মতো ইউরোপীয়দের ‘গোল্ডরাশ’ও তাই নেই স্বর্ণশহরে। তবু ইউরোপীয়রা আজ এখানে ছুটে আসবে। দুটি ইউরোপের দল ঘোড়া ছুটিয়ে আসবে এখানে, এখানকার ওই ‘কালাবাসে’। আগুন-জ্বালানো পাত্রের প্রতীক হয়ে যেটি জ্বেলে দিয়েছে দাউ দাউ আগুন। ফুটবল-বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগুন। এক দিকে স্পেন, আরেক দিকে হল্যান্ড। দুটি দলই এখান থেকে তুলে নিতে চায় বিশ্বকাপ ফুটবলের অধরা প্রথম মুকুট।কার মাথায় মুকুট উঠবে, তা বলা কঠিন। ১৯৭০ বিশ্বকাপের ব্রাজিলের পর এই প্রথম বাছাইপর্বের পর মূল টুর্নামেন্টেও সবগুলো ম্যাচ জিতে ফাইনালে আসা হল্যান্ডের মাথায়ই কেউ দেখছে মুকুট। কেউ বা স্পেনের লাল জার্সিতে দেখছে বিজয়ীর অঘোষিত গৌরবের ছটা। সুন্দর ফুটবল-পিয়াসী মন বলছে, স্পেন। টুর্নামেন্টে ভাগ্য কিংবা ফাইনালে ওঠার সিঁড়িটা বলছে, হল্যান্ড। আস্তে আস্তে কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটে ওঠা পারফরম্যান্স হাতছানি দিচ্ছে স্পেনকে। হল্যান্ডের জন্য সবুজসংকেত দিচ্ছে সময়মতো তাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য। বল নিয়ে খেলার জাদুকরি ক্ষমতা বোদ্ধাদের হিসাবে এগিয়ে রাখছে স্পেনকে। দুর্দান্ত আক্রমণভাগ, ধারালো উইং আর ইস্পাতকঠিন রক্ষণের সামনের ছায়াটা আগে বলছে হল্যান্ডের নাম। হঠাৎ করেই গোল করার সাফল্যের হারও হল্যান্ডের কথাই বলছে আগে। কিন্তু গোলের উৎসমুখের বৈচিত্র্য স্পেনকে জোগাচ্ছে আশা। বিশ্ব ফুটবলের দুই বঞ্চিত কিংবা ভাগ্যহতকে অসাধারণ এক লড়াইয়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বকাপ। এখানে হল্যান্ডের বঞ্চনাটাই যেন বেশি করুণ রসের। ফুটবল দুনিয়াকে ‘তোতাল ফোয়েতবল’ (টোটাল ফুটবল) অমৃত উপহার দিয়ে পর পর দুটি ফাইনালে উঠেও তারা শিরোপার স্বাদ পায়নি। এর পর থেকেই বিশ্ব ফুটবলে কমলা রংটি যেন হারিয়ে গেল। টোটাল ফুটবলের জন্ম দিয়েই কি তারা শাপগ্রস্ত হলো?১৯৭৮-এর এক যুগের পর আবার বিশ্বকাপে এসে ১৯৯০-এ বিদায় দ্বিতীয় রাউন্ডেই। ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে তারা কাটা পড়েছে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে। ২০০২-এ ব্যর্থ মূল মঞ্চে যেতে। গত বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়। অতীতে প্রতিভাদীপ্ত দল নিয়েও ভেঙে পড়েছে মাঝপথেই। কিন্তু এবার সদর্পে ফাইনালে। এমন একটি দল তৃতীয়বারের মতো হল্যান্ডকে ফাইনালে নিয়ে গেল, যাদের দিকে কেউ সেভাবে তাকায়ইনি। এর মধ্যে তাই খোঁজা হচ্ছে অন্য যোগসূত্র। বিশ্বকাপের অভিশাপ মোচনের ইঙ্গিত। যে ডাচরা দুনিয়াকে ফুটবলের আনন্দে ভাসিয়েছে, তাদের হাতে অবশেষে কিছু তুলে তো দিতেই হয়!কিন্তু এই দলটি পূর্বসূরিদের মতো আনন্দদায়ী ফুটবল খেলছে না। আনন্দ দেওয়া কিংবা পাওয়ার কাছে ফলটাই বেশি কাম্য তাদের কাছে। এই দলের সবচেয়ে বড় ফুটবল শিল্পী আরিয়েন রোবেনের কথা শুনলেই বুঝবেন, কেমন পাল্টে গেছে তাঁদের মনোভাব, ‘সুন্দর খেলার চেয়ে জয়টাই আমাদের কাছে বেশি জরুরি।’বিশ্ব ফুটবলে বঞ্চিতের চেয়ে স্পেনকে হয়তো ভাগ্যহীন খেয়ালি জাদুকরদের দল বলেই মনে হবে আপনার কাছে। অসাধারণ সুন্দর তাদের ফুটবল। বিশ্বসেরা লা লিগা যেমন আনন্দের অবারিত উৎসমুখ সবার কাছে, তারা প্রতিটি বিশ্বকাপে শুরুও করে তেমন। তারপরই কোন খেয়ালে অর্জনের কথা ভুলে যায়। তাদের বলা হতো কোয়ার্টার ফাইনালের দল। এবার সোনালি প্রজন্মের হাত ধরে লা ফুরিয়া রোজারা প্রথমবারের মতো ফাইনালে। ফাইনালে উঠেছে তারা সাতটি মাত্র গোলের সেতু বেয়ে। কিন্তু খেলায় ঠিকই বুঝিয়ে দিচ্ছে ইউরোপ-সেরা আর বিশ্বসেরা দলের তকমাটা এমনিতেই গায়ে লাগেনি। এই স্পেনের জাদুকর ফুটবলারদের ঠেকিয়ে রাখা কঠিন। টুর্নামেন্টের সেরা দল জার্মানিকে তারা হতবিহ্বল করে দিয়েছে সেমিফাইনালে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এদের আটকানোর কেউ নেই। হ্যাঁ, আটকানোর আছে। কাল মিডিয়া সেন্টারের সাংবাদিক-অরণ্য একমত হলো, স্পেনকে আটকাতে পারে একমাত্র হল্যান্ড। দুদলের ফুটবলের ইতিহাস প্রায় একই রকম।টোটাল ফুটবলের দুই সূতপুত্র রাইনাস মিশেলস হল্যান্ডের আয়াক্সে টোটাল ফুটবলের জন্ম দিয়ে তা বয়ে নিয়ে গেছেন বার্সেলোনায়। সেই সুবাদে তা ছড়িয়েছে স্পেনেও। আজ যখন টোটাল ফুটবল হল্যান্ড থেকে প্রায় অন্তর্হিত, বার্সেলোনা আর স্পেনই তাকে আরও পরিপুষ্ট করে তুলছে।আজকের লড়াইটা তাই টোটাল ফুটবল বনাম টোটাল ফুটবলের। কে যে জয়ী হয় এই লড়াইয়ে! তবে একটা পরিসংখ্যান জেনে রাখুন। এই টুর্নামেন্টে আক্রমণ রচনায় স্পেন এক নম্বর দল, রক্ষণে দ্বিতীয়। আর রক্ষণে হল্যান্ড তৃতীয় হলেও আক্রমণে ষষ্ঠ।সকার সিটি স্টেডিয়ামে আজ হল্যান্ড দল যখন জাতীয় সংগীত গাইবে, তাদের মুখে থাকবে স্পেনের স্তুতি। একসময় হল্যান্ড দখল করে তাদের প্রভু হয়ে গিয়েছিলেন স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ। সেই সময়ে রচিত ডাচ জাতীয় সংগীতটি এখনো আছে, যাতে একটি লাইন এ রকম, ‘স্পেনের রাজাকে আমরা দিচ্ছি সারা জীবনের জন্য আনুগত্যের নিশ্চয়তা।’ স্পেনের রাজা হুয়ান কার্লোস ও রানি সোফিয়া এটি শুনে তৃপ্ত হতে পারেন। তবে মাঠে হল্যান্ড দল আনুগত্য না ঔদ্ধত্য দেখাবে, সেটা তারাই জানে!