আজ নিউজিল্যান্ড যাচ্ছেন তামিম
দেশে চার দিনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা মিস করবেন। তবে তামিম ইকবালের কাছে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এইচআরভি কাপও নতুন কিছু শেখার হাতছানি। ওয়েলিংটনের হয়ে এই টুর্নামেন্ট খেলতে আজ রাতে ঢাকা ছাড়ছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার।বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্স বর্তমানে ওয়েলিংটনের কোচ। তামিম যে নিউজিল্যান্ডের বিমানে উঠছেন, সে ওই সিডন্সের কারণেই। ‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা অবশ্যই মিস করব। তবে আমি মনে করি, ওখানে ভিন্ন কন্ডিশনে খেলেও অনেক কিছু শিখতে পারব। তা ছাড়া ওয়েলিংটনের কোচ এখন জেমি সিডন্স। তাঁর সঙ্গে অনুশীলন করলে আমারও উন্নতি হবে।’ কাল টেলিফোনে বলছিলেন তামিম।আগামী ১৮ জানুয়ারি থেকে বিপিএলের খেলা শুরু হলে ১৫ জানুয়ারি দেশে ফিরবেন বলে জানান তামিম। সে ক্ষেত্রে ওয়েলিংটনের হয়ে তিনি ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তবে বিপিএল কোনো কারণে পেছালে আরও কিছু ম্যাচ খেলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।