আজ পর্যন্ত অপেক্ষা করবেন সাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো অভিযোগই আমলে নেয়নি নির্বাচন কমিশন। তফসিল বাতিল করেনি, খসড়া ভোটার তালিকা অপরিবর্তিত রেখেই ঘোষণা করেছে চূড়ান্ত ভোটার তালিকা। তবে এটি জানার পর গতকালই নতুন কোনো সিদ্ধান্ত না নিয়ে আজকের দিন পর্যন্ত অপেক্ষায় থাকবেন বলে জানালেন সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী।
কাল রাতে টেলিফোনে সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘আমি নির্বাচন কমিশনকে বলেছিলাম, আমার অভিযোগ গ্রহণ করলে ভালো, না করলে তার কারণটা যেন আমাকে লিখিতভাবে জানানো হয়। তাঁরাও আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন লিখিতভাবে জানানোর। কাজেই আমি কাল (আজ) পর্যন্ত সেটা পাওয়ার অপেক্ষা করব।’ অভিযোগ আমলে নেওয়ার কারণ মনঃপূত না হলে আইনের আশ্রয় নেবেন কি না জানতে চাইলে তাঁর উত্তর, ‘আমি ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে চাই। আমি যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে আসছি, সেটা তৈরির জন্য শেষ পর্যন্ত সুযোগ দিতে চাই।’
তবে নির্বাচন কমিশন সব আপত্তিকেই ‘অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দেওয়ায় বিস্মিত হয়েছেন সাবেক বোর্ড সভাপতি, ‘এতগুলো যুক্তিতর্ক হলো, এতগুলো তথ্য দিলাম, এর কোনোটা তো অন্তত গ্রহণযোগ্য হবে। এর সবই অগ্রহণযোগ্য, এটা তো মেনে নেওয়া কঠিন। এখন মনে হচ্ছে তারা আসলেই সব আগে থেকে সিদ্ধান্ত নিয়ে করেছে।’
তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র তোলার দিন। সাবের হোসেন চৌধুরী মনোনয়নপত্র তুলবেন কি না জানতে চাইলে বললেন, ‘আমি আগে দেখতে চাই তারা কী ব্যাখ্যা দেয়। মনোনয়নপত্র তোলার সময় তো কাল পর্যন্ত আছেই।’