চিরাচরিত আবাহনী-মোহামেডান লড়াই নেই। আবার পুরোপুরি অদৃশ্যও বলা যাবে না। বগুড়ায় আজ সবচেয়ে অগুরুত্বপূর্ণ ম্যাচটি খেললেও এটিও দুই দলের জন্য মর্যাদার ম্যাচ। কে পঞ্চম হবে আর কে ষষ্ঠ—এই প্রশ্নের উত্তর লুকিয়ে ওই ম্যাচে।প্রিমিয়ার লিগের শেষ দিনে আজ কেউ তাকিয়ে থাকবে না আবাহনী-মোহামেডান ম্যাচের দিকে। সব আকর্ষণের কেন্দ্রবিন্দু ফতুল্লা স্টেডিয়াম, যেখানে লিগের অলিখিত ফাইনালে মুখোমুখি ওল্ড ডিওএইচএস আর ভিক্টোরিয়া। যে জিতবে, সে-ই চ্যাম্পিয়ন। যে হারবে, তার রানার্সআপ হওয়ারও নিশ্চয়তা নেই। বিকেএসপির ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারাতে পারলেই পয়েন্ট আর সম্মুখসমরের হিসেবে রানার্সআপ হয়ে যাবে গাজী ট্যাংক ক্রিকেটার্স।প্রিমিয়ার ক্রিকেটে এবার মাঠের লড়াইয়ের সঙ্গে জড়িয়ে ছিল মাঠের বাইরের অনেক দ্বন্দ্ব। মোহাম্মদ ইউসুফের নিবন্ধন নিয়ে আবাহনী-ভিক্টোরিয়া-মোহামেডান ত্রিমুখী ‘লড়াইয়ে’ তো খেলাই বন্ধ থাকল দুই মাস! খেলোয়াড় দলবদল নিয়ে লিগ শুরুর আগে বিরোধে জড়ায় ওল্ড ডিওএইচএস-মোহামেডান। ঘটনাচক্রে মোহামেডানের যে কর্মকর্তার সঙ্গে ওল্ড ডিওএইচএস কোচ খালেদ মাহমুদের সমস্যা বেধেছিল, সেই লুৎফর রহমানই এখন ভিক্টোরিয়ার কর্ণধার। শেষ ম্যাচে এই দুই দলের মুখোমুখি হওয়াটা বাড়তি একটু উত্তেজনাও রাখবে ম্যাচে।তবে সেটা মাঠের বাইরে। মাঠের মধ্যে ক্রিকেটীয় লড়াই ছাড়া আর কিছু নেই এবং সে লড়াইয়ের আগে দুই দলের শক্তিমত্তা মোটামুটি সাম্যাবস্থায়। আত্মবিশ্বাসের দিক দিয়ে ভিক্টোরিয়া সামান্য এগিয়ে থাকতে পারে। প্রথম পর্বের ম্যাচে তারা ২১ রানে হারিয়েছিল ওল্ড ডিওএইচএসকে।ভারতের উদয় কৌল, পাকিস্তানের আদনান রাজা ও দক্ষিণ আফ্রিকার ফর ডার মারউই ওল্ড ডিওএইচএসকে এখন পর্যন্ত হতাশ করেননি। পেসার থেকে ওপেনার বনে যাওয়া জিয়াউর রহমান তো আছেন দুরন্ত ফর্মে। কেন্ট লিগে খেলতে যাওয়া মোহাম্মদ আশরাফুলের অনুপস্থিতিতে দলে অভিজ্ঞতার সামান্য ঘাটতি আছে। তবে কোচ মাহমুদ আস্থা রাখছেন বিদেশিদের ওপর। প্রতিপক্ষের শক্তিমত্তার কথা মাথায় রেখেই বলছেন, ‘ভিক্টোরিয়া লিগের অন্যতম শক্তিশালী দল। তা ছাড়া সাকিব-তামিম সব সময়ই পার্থক্য তৈরি করে। তবে আমরাও আমাদের শক্তি অনুযায়ী অনেক ভালো খেলছি। সবাই কঠোর অনুশীলন করেছে। ভিক্টোরিয়া শক্তিশালী, তবে অজেয় নয়।’ভিক্টোরিয়ায় বিদেশি বলতে এক ভারতের ইকবাল আবদুল্লাহ। দলটার বড় শক্তি অধিনায়ক সাকিব আল হাসান নিজে, স্বরূপে আবির্ভূত হতে পারলে ওপেনার তামিম ইকবালও। ভিক্টোরিয়ার কোচ সারওয়ার ইমরান তাই বিদেশি খেলোয়াড়দের শক্তিমত্তার মাপকাঠি মানতে রাজি নন, ‘ওল্ড ডিওএইচএস কিন্তু তিন বিদেশি নিয়েও গাজী ট্যাংকের কাছে হেরেছে। গাজীও আমাদের মতো স্থানীয় ক্রিকেটার-নির্ভর দল। আমি মনে করি, দলীয় পারফরম্যান্সটাই সব।’‘ফাইনালে’র আগে একই মন্ত্রই ছড়িয়ে দিতে চান ভিক্টোরিয়ার অধিনায়ক সাকিব আল হাসানও, ‘নতুন খেলোয়াড়ের জন্য এসব ম্যাচ নায়ক হওয়ার বড় সুযোগ।’১৯৭৪-৭৫ মৌসুম থেকে শুরু করে ঢাকার ক্লাব ক্রিকেটের শীর্ষ পর্যায়ে এ নিয়ে মাত্র পঞ্চমবারই সেরা দুই দলের মধ্যে আবাহনী বা মোহামেডান কেউ থাকবে না। ১৯৭৯-৮০, ১৯৯০-৯১, ২০০৪-০৫ এবং ২০০৫-০৬ মৌসুমে শীর্ষ দুই দলের মধ্যে থাকতে পারেনি আবাহনী বা মোহামেডান। এর মধ্যে শেষ দুবার চ্যাম্পিয়ন হয়েছিল ওল্ড ডিওএইচএস। প্রিমিয়ার লিগে তাদের ওই দুটিই শিরোপা। ভিক্টোরিয়া শিরোপা জিতেছে ২০০১-০২ ও ২০০২-০৩ মৌসুমে। তবে ১৯৭৫-৭৬ মৌসুমেও ঢাকার ক্রিকেটের সর্বোচ্চ শিরোপাটি জিতেছিল তারা। তখন অবশ্য প্রিমিয়ার লিগ ছিল না, প্রথম বিভাগ ক্রিকেট লিগকেই ধরা হতো ক্লাব ক্রিকেটের শীর্ষ প্রতিযোগিতা।