আজ ফাইনালের ফাইনাল
চার বছর পর অস্ট্রেলিয়ায় আবার ত্রিদেশীয় সিরিজ। শুরুর আগে একটু সংশয় ছিল, টুর্নামেন্টটা না আবার একঘেয়ে হয়ে যায়! ফাইনালের আগেই ১২টি ম্যাচ, এরপর সম্ভাব্য তিন ফাইনাল। কিন্তু শুরুর মাস খানেক পর আজ তৃতীয় ও শেষ ফাইনালের আগে বলেই দেওয়া যায়, এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে টুর্নামেন্ট খুব কমই হয়েছে। প্রথম ফাইনাল জিতে দ্বিতীয়টিকে শিরোপা হাতে তোলার উপলক্ষ ঠাওরেছিল অস্ট্রেলিয়া, কিন্তু শ্রীলঙ্কা তাতে বিরাট ব্যবধানে হারিয়েছে ক্লার্কের দলকে। আজই তাই অ্যাডিলেডে হবে শ্রেষ্ঠত্বের পরীক্ষা, ফাইনালের ‘ফাইনাল’।তবে আজ মাঠে নামার আগে স্বাগতিকেরা আছে একটু বেকায়দায়। লঙ্কানদের সঙ্গে শেষ ছয় ম্যাচের চারটিতেই হারা অস্ট্রেলিয়া মাঠে নামছে অধিনায়ক মাইকেল ক্লার্ককে ছাড়াই। হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে ফাইনালের ফাইনালে দর্শকই শুধু বানায়নি, ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে তাঁর খেলাও এখন সংশয়ে।ভারপ্রাপ্ত অধিনায়ক শেন ওয়াটসন আজ পাচ্ছেন না জেমস প্যাটিনসনকেও। এই পেসারও পড়েছেন চোটে। ক্লার্কের জায়গায় পিটার ফরেস্টের খেলা নিশ্চিত। প্যাটিনসনের জায়গায় হিলফেনহস, না বদলি হিসেবে ডাক পাওয়া স্পিনার নাথান লায়ন খেলবেন, সেটা ঠিক হয়নি। জেভিয়ার ডোহার্টির সঙ্গে লায়নকেও নামিয়ে দেওয়া হলে ১৬১ ম্যাচ পর দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলবে অস্ট্রেলিয়া। ২০০৬ সালে বাংলাদেশ সফরে সর্বশেষ একসঙ্গে খেলেছিলেন দুই স্পিনার ব্রাড হগ ও ড্যান কালেন।গ্যাবা ও অ্যাডিলেডের ভিন্ন কন্ডিশনে একই কৌশলে খেলাটা ভুল হয়েছে স্বীকার করেছেন অস্ট্রেলীয় কোচ মিকি আর্থার। আজ শ্রীলঙ্কাকে হারাতে তাই অন্য পথে হাঁটতে চান আর্থার, ‘আমাদের কাছে গোটা দুই নতুন কৌশল আছে, আশা করছি, সেগুলো কাজে দেবে।’চোট সমস্যা আছে লঙ্কান শিবিরেও। থিসারা পেরেরা, ফারভিজ মাহারুফ ও সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস চোটের শিকার। ম্যাথুসের ব্যাপারে অধিনায়ক জয়াবর্ধনের সাফ কথা, ‘এটা বড় ম্যাচ, সিদ্ধান্তটাও বড়। সে শতভাগ ফিট থাকলে তবেই খেলবে, নতুবা নয়।’ ওয়েবসাইট।