আজ ফিরছে ‘এ’ দল
দুটি চারদিনের ম্যাচের একটি ভেসে গেছে বৃষ্টিতে, আরেকটিতে হার। বৃষ্টির কারণে হয়নি একটি ওয়ানডেও। পাঁচ ওয়ানডের সিরিজের বাকি চার ম্যাচের তিনটিতেই হার, জয় মাত্র একটিতে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে আজ সকালে কেবল এই একটি জয়ের তৃপ্তি নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ ‘এ’ দল।তবে ছোটখাটো প্রাপ্তি আছে আরও।্রজাতীয় দল থেকে বাদ পড়ে ‘এ’ দলের অধিনায়ক হয়ে যাওয়া মোহাম্মদ আশরাফুল এই সফরেই দিয়েছেন নিজেকে ফিরে পাওয়ার আভাস। ওয়ানডেতে রান পেয়েছেন জুনায়েদ সিদ্দিকও। এদিক দিয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চেয়ে সামান্য এগিয়েই আছে বাংলাদেশ ‘এ’। স্বাগতিক দলের পক্ষে সবচেয়ে বেশি রান করা ডিন এলগারের সংগ্রহ যেখানে চার ম্যাচে ২০৭, জুনায়েদ করেছেন ২১২ রান।তবে চারদিনের ম্যাচটি বলতে গেলে বাংলাদেশ ‘এ’ দলের সবার জন্যই ছিল হতাশাজনক। নাদিফ চৌধুরী অপরাজিত ৭০ রানের ইনিংস খেললেও ফিফটি নেই আর কারোই। গড়-মোট রানও তাঁরই বেশি (৮৯) সবচেয়ে। বোলারদের মধ্যে পেসার রবিউল ইসলাম প্রথম ম্যাচ ও দ্বিতীয় ম্যাচের এক ইনিংস মিলিয়ে পেয়েছেন মোট ৫ উইকেট। অফ স্পিনার নাসির হোসেনের উইকেট ৪টি।