আজ ফিরছেন যুবরাজ
জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ছিলেন যুক্তরাষ্ট্রে। কেমোথেরাপি নিয়েছেন বোস্টন ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চে। সেখান থেকে পুনর্বাসনের জন্য গিয়েছিলেন লন্ডনে। অবশেষে আজ দেশে ফিরছেন যুবরাজ সিং। কাল টুইটারে ভারতীয় অলরাউন্ডার জানিয়েছেন, ‘অবশেষে সেই দিনটি এসেছে! আগামীকাল দেশে ফিরছি! তর সইছে না...বন্ধু ও পরিবারের সবাইকে দেখার জন্য মুখিয়ে আছি...দেখা হবে ইন্ডিয়া!!’খুব শিগগির অবশ্য মাঠে ফেরা হচ্ছে না যুবরাজের। ধারণা করা হচ্ছে, দেশে ফিরে নিজের বর্তমান শারীরিক অবস্থা ও ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত জানাবেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। গত বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরা বিশ্বকাপের পর খেলতে পেরেছেন কেবল তিনটি টেস্ট। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতা টেস্টের পর আর মাঠে নামা হয়নি। চলতি আইপিএলে তাঁর অনুপস্থিতিতে পুনে ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ওয়েবসাইট।