আজ ফেদেরার-নাদাল লড়াই
কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ইন্ডিয়ান ওয়েলস বিএনপি পারিবাস ওপেনের ড্র-টাই জাগিয়েছিল সম্ভাবনাটা। নিজ নিজ কাজ ঠিকমতো করে সেই সম্ভাবনাটাই বাস্তবে রূপ দিলেন ফেদেরার ও নাদাল। পরশু শেষ ষোলোর লড়াইয়ে জিতেছেন দুজনই। ফল, টেনিস-ভক্তদের এক বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আরেকটি নাদাল-ফেদেরার মহারণ দেখার। গত বছরই এই ইন্ডিয়ান ওয়েলসই সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন অনেক অনেক ধ্রুপদি লড়াইয়ের জন্ম দেওয়া এই দুই মহারথী। সেমিফাইনালের সেই ম্যাচে জিতেছিলেন ফেদেরার। আজ বাংলাদেশ সময় সকালে হবে ম্যাচটি। ম্যাচটি দেখাবে টেন স্পোর্টস। এএফপি, রয়টার্স।পরশু শেষ ষোলোতে ফেদেরার জিতেছেন স্বদেশি বন্ধু স্তানিসলাস ভাভরিঙ্কার বিপক্ষে। ২ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-৭ (৪/৭), ৭-৫ গেমে জিতেছেন সুইস মহাতারকা। লাটভিয়ার আর্নেস্টস গুলবিসকে ৪-৬, ৬-৪, ৭-৫ হারিয়েছেন নাদাল। শেষ আটে উঠেছেন মারে ও জোকোভিচও।