আজ বার্নাব্যুতে মহারণ
রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যাবেই। ফুটবলের দুই ‘রাজা’, সবচেয়ে ধনী দুই ক্লাব মুখোমুখি আজ। সাধারণ ফুটবলপ্রেমীরা প্রাণপাত তো করবেনই। এ এমন এক ফুটবল রোমাঞ্চ, যার জন্য উন্মুখ হয়ে থাকে সবাই। এই দ্বৈরথ নিয়ে অনেকে অনেক কথাই বলছেন। তবে আসল কথাটি বলেছেন হোসে মরিনহোই, ‘এটা এমন একটা ম্যাচ, যেটির জন্য পুরো বিশ্বই অপেক্ষা করে।’ এমনি এই লড়াইয়ে আজ মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে আজ ইউনাইটেডকে বার্নাব্যুতে আতিথ্য দেবে রিয়াল। মরিনহো প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘চ্যাম্পিয়নস লিগের বাকি ম্যাচগুলোর জন্য বিশ্ব মুখিয়ে নেই। তাই আমি আশা করি, পুরো বিশ্ব যেটার জন্য অপেক্ষা করছে, আমরা সেই মানের একটা খেলাই তাদের উপহার দিতে পারব।’এই ম্যাচ অনেক দিক দিয়েই পুনর্মিলনীর। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে তাঁর সাবেক ক্লাবের, মাত্র ১৮ বছর বয়সে যে ক্লাবে নাম লিখিয়েই তাঁর বড় তারকা হওয়ার পথে যাত্রা শুরু। কদিন আগে এক সাক্ষাত্কারে রোনালদো স্বীকার করেছেন, ইউনাইটেডের প্রতি তাঁর ভালোবাসা এখনো অটুট। সেখানেই ক্যারিয়ারের সবচেয়ে উপভোগ্য সময়টা কাটিয়েছেন। এ ম্যাচ দিয়ে দেখা হয়ে যাচ্ছে মরিনহো আর অ্যালেক্স ফার্গুসনেরও। মরিনহো চেলসির কোচ থাকার সময় দুজনের মধ্যে বেশ ‘দোস্তি’ গড়ে উঠেছিল। আজকের লড়াইটা তাই হবে টাচলাইনেও। অবশ্য মরিনহো ইন্টার মিলানের কোচ থাকার সময়েও একবার ফার্গির মুখোমুখি হয়েছিলেন। ২০০৮-০৯ চ্যাম্পিয়নস লিগের এই দ্বিতীয় রাউন্ডেই ইন্টারকে হারিয়ে দিয়েছিল ইউনাইটেড। দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে এবারও মরিনহোর বিপক্ষে ফার্গুসনই ফেবারিট। তবে ইউনাইটেড কোচ ভালো করেই জানেন, স্পেন থেকে ড্র করে ফেরাটাও হবে তাঁর দলের জন্য অনেক বড় ব্যাপার। বার্নাব্যুতে জয় এভারেস্ট জয়ের চেয়েও কঠিন। এই মৌসুমের এই কঠিন দুঃসময়েও রিয়াল এখনো কোনো প্রতিযোগিতাতেই নিজেদের মাঠে হারেনি। চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে রিয়ালের সর্বশেষ পরাজয়টি দুই বছর আগে, যেবার বার্সেলোনার কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিল তারা। বার্নাব্যুতে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ রেকর্ডও অবিশ্বাস্য। শুধু বার্নাব্যুই নয়, স্পেনই ইউনাইটেডের কাছে দুর্বোধ্য এক ধাঁধা। এখানে ২০ ম্যাচ খেলে ইউনাইটেড জিতেছে মাত্র দুবার। দুই দলের দেখা-সাক্ষাত্ অবশ্য খুব একটা হয় না। গত ৫৬ বছরে যেমন চারটি দ্বৈরথ হয়েছে। সর্বশেষ সেই চার দ্বৈরথের তিনটিতে জিতে এগিয়ে আছে রিয়ালই। সর্বশেষ ২০০২-০৩ মৌসুমে শেষ আটে দেখা হয়েছিল দুই দলের। দুই লেগের সেই দ্বৈরথে ইউনাইটেডকে ছিটকে দিতে ভূমিকা রেখেছিল রোনালদোর হ্যাটট্রিক। এই রোনালদো অবশ্য ব্রাজিলিয়ান কিংবদন্তি। তবে এবারও ইউনাইটেডকে ছিটকে দিতে পারেন আরেক রোনালদোই। দুই দলের খেলার ধরনও অনেকটাই কাছাকাছি। গতিশীল ফুটবল ভালোবাসে দুই দলই। পাল্টা আক্রমণে দুই দলই ক্ষুরধার। তবে গঞ্জালো হিগুয়েইন মনে করেন, এই পাল্টা আক্রমণেই এগিয়ে আছে রিয়াল, ‘আমাদের প্রত্যেকের যে মান এবং যে ধরনের প্রতি-আক্রমণাত্মক ফুটবল আমরা খেলি, তাতে ইউনাইটেডকে ধাক্কা দেওয়া সম্ভব।’ হিগুয়েইন অবশ্য আজ প্রথম একাদশে সম্ভবত থাকছেন না। করিম বেনজেমারই খেলার কথা। পেপে চোট সেরে ফিরেছেন। গত এল ক্লাসিকোর নায়ক তরুণ রাফায়েল ভারানকে তাই ফিরে যেতে হতে পারে বেঞ্চে। তবে রিয়ালের জন্য সবচেয়ে বড় সুখবর জাবি আলোনসোর ফিরে আসা। সামান্য চোটের কারণে আলোনসো দোহায় উরুগুয়ের বিপক্ষে স্পেনের গত ম্যাচটিতে খেলেননি। তবে আজ নিশ্চয়ই তিনি বেঞ্চে বসে থাকতে চাইবেন না।এ এমন এক ম্যাচ, যার জন্য মুখিয়ে থাকে খেলোয়াড়রাও! এএফপি, রয়টার্স।রিয়াল-ইউনাইটেড রিয়াল ইউনাইটেড ৮ ম্যাচ ৮ ৩ জয় ২ ৩ ড্র ৩ ২ হার ৩ ১৭/১৪ গোল ১৪/১৭ ৩-১ বড় জয় ৪-৩ বার্নাব্যুতে রিয়াল সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের মাঠে সর্বশেষ ৩৩ ম্যাচে অপরাজিত রিয়াল। ম্যানচেস্টার ইউনাইটেড সর্বশেষ ১৪ ম্যাচে হারেনি। তবে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ নয়টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র চারটিতে (বাকি পাঁচটির তিনটিতে ড্র, দুটিতে হার)। স্পেনের মাটিতে রেকর্ড ভালো নয় ‘রেড ডেভিল’দের। ২০ ম্যাচে জয় মাত্র দুটি। দুই কোচের মুখোমুখি লড়াইয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের চেয়ে এগিয়ে হোসে মরিনহো। ১৪ বারের সাক্ষাতে মাত্র দুবার জয়ের হাসি হেসেছেন ফার্গি। মরিনহো হেসেছেন ছয়বার। দুই দলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল ক্রিস্টিয়ানো রোনালদোর (৪৫)। ইউনাইটেডের পক্ষে সবচেয়ে বেশি গোল রায়ান গিগসের (৩০)।