আজ বার্সার বিপক্ষে অনিশ্চিত কস্তা

মাথায় বাজ পড়ার মতো খবরই বটে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকদের জন্য। আজ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে ইনজুরির কবলে পড়েছেন দলের প্রধান স্ট্রাইকার ডিয়েগো কস্তা। এবারের মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা।
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার শেষ ম্যাচে পুরো সময় মাঠে থাকতে পারেননি কস্তা। ইনজুরির আশঙ্কা ভর করেছিল সে সময়ই। গতকাল ন্যু ক্যাম্পে পাঁচ মিনিটের বেশি অনুশীলনও করতে পারেননি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই তারকা। শেষ পর্যন্ত সত্যিই আজ খেলতে পারবেন কি না, সেটা নিশ্চিত হতে পারছেন না অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে।
তবে গতকাল সাংবাদিকদের এই আর্জেন্টাইন কোচ বলেছেন, দলের সেরা স্ট্রাইকারটিকে পাওয়ার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন, ‘আমরা আগামীকাল (আজ) পর্যন্ত অপেক্ষা করব। জানি না শেষ পর্যন্ত সে খেলতে পারবে কি না। প্রথমে আমরা চিকিত্সকের সঙ্গে আলোচনা করব, দেখব সে কী অবস্থায় আছে। তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ তবে অনুশীলন করতে না পারাটা যে খারাপ লক্ষণ, সেটা স্বীকার করে নিয়েছেন সিমিওনে, ‘অনুশীলন ছেড়ে যাওয়ায় হিসেব অনুযায়ী আমার মনে হচ্ছে আগামীকাল (আজ) তার মাঠে নামাটা কঠিনই হবে।’
শেষ পর্যন্ত কস্তা সত্যিই খেলতে না পারলে সেটা অ্যাটলেটিকোর জন্য একটা বড় আঘাতই হবে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। শেষ পাঁচ ম্যাচেই তিনি করেছেন ছয়টি গোল। কস্তার এই দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই লা লিগার শীর্ষস্থান দখল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।