আজ বিদায় বলবেন দ্রাবিড়
স্টাম্পের সামনে অভেদ্য দেয়াল তুলে দাঁড়াতেন বলেই না নাম হয়েছিল ‘দ্য ওয়াল’। কিন্তু চীনের মহাপ্রাচীরের মতো একসময়ের সেই অটুট দেয়ালে ধরেছে ফাটল, বয়সের শ্যাওলা। গত অস্ট্রেলিয়া সফরে আট ইনিংসের ছয়টিতেই বোলাররা উপড়ে নিয়েছেন তাঁর স্টাম্প। ধবলধোলাইয়ের শিকার হওয়ার দায় অনেকটাই মাত্র ২৪.২৫ গড়ে ১৯৪ রান করা রাহুল দ্রাবিড়ের।দেশের বাইরে টানা দুটি সফরে ধবলধোলাই হওয়ার পর ‘বুড়োদের হঠাও’ বলে শোরগোল শুরু হয়েছে ভারতে। সরিয়ে দেওয়ার আগে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক নিজে থেকেই সরে যাওয়া মঙ্গলজনক মনে করেছেন। দ্রাবিড় আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেবেন বলে একরকম পাকা খবর দিয়েছে পিটিআই ও ক্রিকইনফো। মাত্র একটি টি-টোয়েন্টি খেলা দ্রাবিড় ওয়ানডে থেকেও বিদায় নিয়েছেন আগেই। এবার ১৩ হাজার ২৮৮ টেস্ট রানের মালিক বিদায় জানাচ্ছেন ক্রিকেটের অভিজাত সংস্করণটিকেও।১৯৯৬ সালের এপ্রিলে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পর্দাপণ। যদিও নিজের জাত চিনিয়েছিলেন ওই বছরেই লর্ডসে টেস্ট অভিষেকে ৯৫ রানের ইনিংস খেলে। তখন থেকেই ভারতের টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ দ্রাবিড় একসময় খেলেছেন টানা ৯৩টি টেস্টও। ৫২.৩১ গড়ে রান তোলা দ্রাবিড়ের নামের পাশে আছে ৩৬টি টেস্ট সেঞ্চুরিও। আছে টেস্টে রেকর্ড ২১০টি ক্যাচ নেওয়ার কীর্তি। তবে এসব পরিসংখ্যান নয়, আজ শেষ পর্যন্ত বিদায়ের ঘোষণা দিলে টেস্ট ক্রিকেট হারিয়ে ফেলবে এ সময়ের বিরল ধ্রুপদি ব্যাটসম্যানদের একজনকে। এই একটা সিরিজই আসলে ব্যাট হাতে দ্রাবিড়ের ধারাবাহিক রান তোলার রেকর্ডটা ভুলিয়ে দিয়ে চোখের সামনে তুলে আনছে ৩৯ বছর বয়সটাই। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জন্য লজ্জার সিরিজেও ৭৬.৮৩ গড়ে ৪৬১ রান করেছেন। গত বছর টেস্টে সবচেয়ে বেশি রান-সেঞ্চুরিও ছিল তাঁরই।ঝলমলে ক্যারিয়ারের শেষটা এমন হতাশা দিয়ে হলো, এটাই হয়তো চির-আক্ষেপ হয়ে থাকবে দ্রাবিড়ের। ওয়েবসাইট।