আজ মাঠে নামছে 'এ' দল
ফেসবুকের ছবি দেখলেই বোঝা যায় বারবাডোজে সময়টা দারুণ উপভোগ করছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। সমুদ্রের তীরে, নারকেল বনে নাসির-শামসুর-ইমরুলরা কত না ভঙ্গিতে ছবি তুলে পোস্ট করছেন ফেসবুকে! তবে ক্যারিবীয় সৌন্দর্য উপভোগের চেয়ে আজ থেকে তাঁদের কাজটা মাঠেই বেশি হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম চার দিনের ম্যাচ খেলতে নামছে আজ বাংলাদেশ ‘এ’ দল।
ভিন্ন ভিন্ন মাঠে খেলা হলেও ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স সেন্টারের বিপক্ষে ‘এ’ দলের সবগুলো ম্যাচই হবে বারবাডোজে। উইনওয়ার্ড ক্রিকেট ক্লাব মাঠে আজ থেকে শুরু প্রথম চার দিনের ম্যাচের পর ২ জুন থেকে দ্বিতীয় চার দিনের ম্যাচটা হবে কেনসিংটন ওভালে। একই মাঠে ৮ জুন প্রথম ওয়ানডে। ১০ জুন দ্বিতীয় ওয়ানডেটি হবে প্রথম চার দিনের ম্যাচের ভেন্যু উইনওয়ার্ড ক্রিকেট ক্লাব মাঠে। ১২ জুন তৃতীয় ও শেষ ওয়ানডে হবে কার্লটন ক্রিকেট মাঠে। ১৪ ও ১৫ জুন সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে কেনসিংটন ওভাল ও থ্রি ডব্লু’স ওভালে।