আজ মাঠেই বিদায় বলবেন জাভেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছে ছিল প্রিমিয়ার লিগ বা জাতীয় লিগে খেলে বিদায় নেবেন। কিন্তু নিজেই আবার চান না শুধু অবসর নেওয়ার আনুষ্ঠানিকতা সারতে কোনো দলের ব্যাটিং অর্ডারে ঢুকে পড়তে। সে কারণেই আজ জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর আনুষ্ঠানিক বিদায় নিচ্ছেন একটি প্রীতি ক্রিকেট ম্যাচে।
মিরপুরের সাহারা-বিসিবি একাডেমি মাঠে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা (বিএসজেএ) ও জাভেদের একসময়কার সতীর্থ সাবেক-বর্তমান তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া ‘লিজেন্ডস’-এর মধ্যে হবে এই প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ। আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও ২০০৭ সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি জাভেদ। ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০১১-১২ মৌসুমে, জাতীয় লিগে বরিশাল এবং প্রিমিয়ার লিগে বিমানের হয়ে।
প্রীতি ক্রিকেট হলেও মাঠ থেকে বিদায় নিতে পারছেন বলে খুশি জাভেদ, ‘আমি চেয়েছিলাম প্রিমিয়ার লিগ বা জাতীয় লিগে একটা ম্যাচ খেলে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করব। সেটা তো আর হলো না। তার পরও যে ম্যাচটা খেলে বিদায় নিচ্ছি সে ম্যাচে আমার একসময়কার সতীর্থরা খেলবেন। এটাও কম নয়।’