কক্সবাজার স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে সাফ মহিলা ফুটবল। বিকেল পৌনে তিনটায় আট দেশের ১২ দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি নেপাল।মালদ্বীপের তরুণীরা কাল সকালে সৈকতে নেমে কয়েক ঘণ্টার দৌড়ঝাঁপ এবং বিকেলে শহরের বাইপাস সড়কের কাছে পুলিশ লাইন মাঠে ঘণ্টা দেড়েকে অনুশীলন করেছেন। এঁদের মুখোমুখি হওয়ার অনুশীলন সেরে রেখেছেন নেপালি মেয়েরাও।আজ দুপুর ১২টায় কক্সবাজারে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন ফিফার নির্বাহী সদস্য ও মহিলা কমিটির চেয়ারম্যান ওরাওয়ি মাকুদি। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এএফসির সহসভাপতি মনিলাল ফার্নান্দো, বাফুফে ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। প্রায় দেড় কোটি টাকার এই টুর্নামেন্ট ইতিমধ্যে ফুটবল-প্রেমীদের মধ্যে ছড়িয়ে দিয়েছে উত্তেজনা।টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ মালদ্বীপ, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তান দল। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত এই টুর্নামেন্ট উপলক্ষে শহরটিকে মনোরমভাবে সাজানো হয়েছে। খেলোয়াড়দের জন্য নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।