আজ মুখোমুখি আবাহনী-মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে ঘণ্টাখানেক হালকা অনুশীলন করেছেন। বিকেলে প্রেসবক্সে বসে খেলা দেখছিলেন মোহামেডানের ডিফেন্ডার মামুনুর রহমান (চয়ন)। নির্ভার লাগছিল তাঁকে। কিন্তু ফুরফুরে ভাবটা হয়তো বাইরেই, ভেতরে ভেতরে বেশ স্নায়ুচাপেই ভোগার কথা এই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞের। আজ যে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে খেলবে মোহামেডান!এই মৌসুমে আবাহনী-মোহামেডানের এটা দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে গত মাসে ক্লাব কাপের সেমিফাইনালে দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সেমিফাইনালে আবাহনীর কাছে হেরে ক্লাব কাপ থেকে ছিটকে পড়েছিল মোহামেডান। কষ্টের সেই স্মৃতিটা এখনো তরতাজা মোহামেডান অধিনায়ক মশিউর রহমানের (বিপ্লব) কাছে, ‘ওই হার আমাদের মনে এখনো দাগ কেটে আছে। কাজেই প্রতিশোধের ব্যাপার তো আছেই। সঙ্গে চ্যাম্পিয়নশিপের জন্য ৩ পয়েন্টও দরকার আমাদের।’লিগের সুপার ফাইভ নিষ্পত্তি হয়ে গেছে আগেই। টানা ৯ ম্যাচ জিতে ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে মোহামেডান। আজ জিতলে শিরোপার দৌড়ে আরও এগিয়ে যাবে তারা। আর সমান ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট আবাহনীর। অন্যদিকে প্রথম পর্বের ১০ ম্যাচ খেলে ফেলেছে শিরোপার অন্যতম দাবিদার ঊষা। তাদের পয়েন্ট ২৭। আজ আবাহনী জিতলে সুপার ফাইভের আগেই তিন দলের পয়েন্ট হবে সমান।আবাহনীর অধিনায়ক আসাদুজ্জামান চন্দন আছেন সেই আশায়, ‘চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে টিকে থাকতে হলে জেতার বিকল্প নেই।’ তবে আবাহনীর জন্য দুঃসংবাদ, দলের প্রধান গোলরক্ষক জাহিদ ডেঙ্গু জ্বরে ভুগছেন। পাকিস্তানি ডিফেন্ডার আলিম বিলালও দেশ ছেড়েছেন জ্বরের কারণে। এসব নিয়ে অবশ্য চিন্তিত নন কোচ মাহবুব হারুণ। সমীহ করছেন মোহামেডানকেও, ‘এটা সত্যি আমাদের জয়ের বিকল্প নেই। তবে মোহামেডান ভালো দল। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’আজাদ ও সোনালী ব্যাংকের জয়: প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে আজাদ স্পোর্টিং ও সোনালী ব্যাংক। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজাদ ৬-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। জয়ী দলের রোমান তিনটি; সালাউদ্দিন, সালমান ও রায়হানউদ্দিন করেছেন একটি করে গোল। পুলিশের একটি গোল শোধ করেন খাইরুল। অন্য ম্যাচে সোনালী ব্যাংক ২-১ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংসকে। সোনালী ব্যাংকের শামসুল ও শাহজাদা একটি করে গোল করেন। মেরিনার্সের গোলটি মোস্তাফিজুরের।