আজ মুখোমুখি আবাহনী-শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলেরই চোখ শিরোপায়। সেই যাত্রায় আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি আবাহনী-শেখ জামাল ধানমন্ডি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এর আগে তিন ম্যাচেই জিতেছে আবাহনী। জয়গুলো অবশ্য দুর্বল ফেনী সকার, আরামবাগ ও ব্রাদার্সের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য তাই আজকের ম্যাচটি বড় একটা পরীক্ষাই হতে যাচ্ছে। শেখ জামালেরও পরীক্ষা হবে আবাহনীর কাছে, তবে এর আগের তিন ম্যাচে একটা পরীক্ষা তাদের হয়ে গেছে বিজেএমসি, মোহামেডান ও মুক্তিযোদ্ধার বিপক্ষে। তিন ম্যাচেই তারা জিতেছে ন্যূনতম ব্যবধানে।বিকেল সাড়ে চারটায় শুরু ম্যাচে দুই দলই জয় পেতে চায়। আবাহনীর ইরানি কোচ আরদেশির পোরনেমাত বলছেন, ‘লিগে আমরা এ পর্যন্ত সব ম্যাচই জিতেছি। ধারাবাহিকতাটা ধরে রাখতে চাই। তবে সুযোগ ঠিকমতো কাজে লাগাতে হবে। ফুটবল ১১ জনের খেলা, এখানে তাই দলের সবাইকেই ভালো খেলতে হবে।’ শেখ জামাল ধানমন্ডির অধিনায়ক মোহাম্মদ এনামুল হক (শরীফ) সমীহ করছেন আবাহনীকে, তবে জয়ের ব্যাপারে আবার বেশ আত্মবিশ্বাসী, ‘আবাহনী অবশ্যই শক্তিশালী দল। কিন্তু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আশা করি আমরাই জিতব।’