আজ মুখোমুখি আর্সেনাল-সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দলের পয়েন্ট ৪১। আরেক দলের ৩৯। এক দল পয়েন্ট টেবিলের দুই নম্বরে। আরেক দল তিনে। এই দুই দল মুখোমুখি হওয়া মানেই ধুন্ধুমার লড়াই। আজ এমিরেটস স্টেডিয়ামে সেই লড়াইয়েই নামছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারের বিশ্বাস, আজ ম্যান সিটিকে হারিয়েই তাঁর দল নিজেদের শিরোপার দাবিদার হিসেবে প্রমাণ করবে। আর্সেনাল সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল ২০০৩-০৪ মৌসুমে। এর পর থেকেই অপেক্ষার পালা। এবারও যে এই অপেক্ষার শেষ হবে, তার নিশ্চয়তা দেওয়া যায় না। পয়েন্ট তালিকায় তাদের ওপরে রয়েছে ম্যানইউ ও ম্যান সিটি।ওয়েঙ্গারের দলের চেয়ে ম্যান সিটির পয়েন্ট ২ বেশি হলেও তারা ম্যাচ খেলেছে একটি বেশি। আর্সেনাল চেলসিকে হারিয়ে আকাশে উড়তে উড়তে মাটিতে নেমে এসেছে উইগানের সঙ্গে ড্র করে। এরপর অবশ্য বার্মিংহামের বিপক্ষে জিতেছে গানাররা। অন্যদিকে সর্বশেষ তিন ম্যাচেই জিতেছে ম্যান সিটি।ইতিহাস আর্সেনালের পক্ষে। গত ৩৬ বছরে আর্সেনালের বিপক্ষে জিততে পারেনি ম্যান সিটি। গত অক্টোবরেও নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে হারতে হয়েছে। তবে এই হতাশার ইতিহাসের চেয়েও কোচ মানচিনির মনটা বেশি খারাপ করে দিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড সিলভা ও অ্যাস্টন ভিলার বিপক্ষে হ্যাটট্রিক করা মারিও বালোতেল্লির চোট। দুজনের কাউকেই আজ পাচ্ছে না সিটি। মানচিনি নিজেই বলেছেন, ‘এটা বড় সমস্যা।’ মানচিনির সমস্যায় ওয়েঙ্গার নিশ্চয়ই হাসছেন। এএফপি।