আজ মুখোমুখি চেলসি-ইউনাইটেড
শনিবারই ম্যাচ গেছে। শরীর-জার্সি থেকে এখনো ঘামের গন্ধ পাওয়ার কথা। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে আজই আবার নেমে পড়তে হচ্ছে মাঠে। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। গত ১০ মার্চ ২-২ গোলে ড্র হওয়ায় আজকের ম্যাচটা আসলে ফিরতি ম্যাচ।আজকের এই মহারণের আগে শনিবারের লিগ ম্যাচ দুই দলের জন্যই ছিল শরীর তাতানোর ম্যাচ। তাতে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রস্তুতিটা দারুণভাবে সেরে রেখেছে ইউনাইটেড। জয়টি ভাগ্যপ্রসূত (আত্মঘাতী গোলে) হলেও অ্যালেক্স ফার্গুসন ও তাঁর দল আছে ফুরফুরে মেজাজেই। চেলসির হয়েছে উল্টো অভিজ্ঞতা। পরশু সাউদাম্পটনের কাছে ২-১ গোলে হেরে লিগের তিন নম্বর আসনটি হাতছাড়া করেছে চেলসি। সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়ে তিনে উঠে গেছে টটেনহাম। তবে হতাশার আড়ালে চেলসি খুঁজে নিতে পারছে অনুপ্রেরণাও। একে তো আজকের ম্যাচটি তারা খেলবে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে। তার চেয়েও বড় কথা, গত ছয় মৌসুমে চারবারই এফএ কাপ শিরোপা ঘরে তুলেছে তারা। অন্যদিকে এফএ কাপে রেকর্ড ১১ বার শিরোপাজয়ী ইউনাইটেড ১২ নম্বরটির জন্য অপেক্ষা করছে ৯ বছর ধরে। ফার্গুসনের দল সর্বশেষ ফাইনালে উঠেছিল ২০০৭ সালে। কিন্তু হেরেছিল এই চেলসির কাছেই। কিন্তু এসব ছাপিয়ে দুই দলই বড় বাধা মানছে ক্লান্তিকে। ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি ম্যাচ। শনিবার ম্যাচ শেষে সবার মনের কথাটাই যেন বলে দিয়েছেন ইউনাইটেডের সেন্টারব্যাক জনি ইভানস, ‘সত্যিই আমি এ রকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। এটা সম্ভবত আমাদের বেশির ভাগ খেলোয়াড়ের জন্যই হবে নতুন অভিজ্ঞতা। শুধু তো আজকের রাতটাই (শনিবার)। আমরা সম্ভবত ঘরে ফিরে যাব এবং দ্রুতই ধকলটা সামলে উঠে শারীরিকভাবে আমাদের নিশ্চিত হতে হবে, সোমবারের ম্যাচের জন্য আমরা প্রস্তুত।’আজকের জয়ী দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবে ম্যানচেস্টার সিটিকে, বার্নসলিকে হারিয়ে যারা সেমিতে উঠেছে আগেই। পরশু লিগ ম্যাচে জয় পেয়েছে সিটিও। তাতে অবশ্য লিগ শিরোপার মৃত স্বপ্নটাকে জীবন্ত করা যায়নি। কারণ ইউনাইটেড এগিয়ে গেছে ১৫ পয়েন্টে। তার পরও নিউক্যাসলকে ৪-০ গোলে বিধ্বস্ত করায় খুশি সিটি কোচ রবার্তো মানচিনি। খেলোয়াড়দের তাড়না দিচ্ছেন নিজেদের ছন্দটা ধরে রেখে লিগটা শেষ করার। এদিন বড় জয় পেয়েছে আর্সেনালও। নিজেদের মাঠে রিডিংকে হারিয়েছে ৪-১ গোলে। এএফপি।