আজ মুখোমুখি মেসি-নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেষ্ঠত্ব তাঁর অবিসংবাদিত। তবে আজ বড় এক পরীক্ষার মুখোমুখি। আজ যে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সান্তোসের সামনে বার্সেলোনা!কিন্তু তাতে পেলের কী? অনেক আগে জানা গিয়েছিল, এই বয়সেও ক্লাব বিশ্বকাপে সান্তোসের হয়ে মিনিট কয়েক খেলে দেবেন। পরে সেই সিদ্ধান্ত আর আলোর মুখ দেখেনি। আজকের ম্যাচে পেলে আবার কীভাবে পরীক্ষার মুখোমুখি হন?হবেন! কারণ, পেলে একটা দাবি তুলেছেন। সান্তোসের উঠতি তারকা নেইমার নাকি লিওনেল মেসির চেয়ে ভালো। আজকের লড়াইটা তাই মেসি বনাম নেইমারও। প্রমাণ হয়ে যাক, কে কার চেয়ে ভালো! এমন নয় এক ম্যাচেই সব প্রমাণ হয়ে যাবে। তার পরও এই প্রথম মেসি আর নেইমার মুখোমুখি হচ্ছেন যখন, বাড়তি উত্তেজনা থাকবেই। বার্সেলোনা শিবিরেও দেখা যাচ্ছে কথাবার্তা সব নেইমারকেন্দ্রিক। কোচ পেপ গার্দিওলা যেমন বলছেন, ‘নেইমার খুবই বিপজ্জনক খেলোয়াড়। এই ম্যাচটা তাই জমজমাট হবে বলেই আমার ধারণা।’ তবে সেস ফ্যাব্রিগাস বলছেন, ‘সান্তোসের খেলাটি (সেমিফাইনাল) আমরা টিভিতে দেখেছি। ব্যক্তিগত ও দলীয়ভাবে ওরা আসলেই বিপজ্জনক। নেইমার প্রতিভাবান। কিন্তু এমন নয় খেলাটা শুধু ওর বিপক্ষেই।’বার্সার মিডফিল্ডারের চোখে এই ট্রফির গুরুত্ব তাদের কাছে অনেক, ‘এটাই আমাদের জন্য মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ। এ পর্যায়ে আসতে হলে আপনাকে চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্ট জিতে আসতে হবে। আমরা এই ট্রফিটা মনেপ্রাণেই চাই, কারণ জিতলেই আমাদের বলা হবে বিশ্ব চ্যাম্পিয়ন।’ নেইমার বাঁয়ে খেললে বার্সা অধিনায়ক কার্লোস পুয়োলের কাঁধে থাকবে তাঁকে আটকানোর ভার। এল ক্লাসিকোতে ক্রিস্টিয়ানো রোনালদোকে কার্যত অকার্যকর করে রাখা পুয়োল জানিয়েছেন, তিনি প্রস্তুত।বার্সেলোনা টুর্নামেন্টটা জিততে চায় ডেভিড ভিয়ার জন্যও। সেমিফাইনালে চোট পেয়ে মৌসুমই একরকম শেষ হয়ে গেছে ভিয়ার। গার্দিওলা স্বয়ং জানাচ্ছেন, দলের সবাই মুখিয়ে আছে ভিয়ার জন্য বড়দিনের একটা উপহার নিয়ে যেতে।বার্সা যেমন শুধু নেইমারকে গুরুত্ব দিয়ে বাকিদের ওপর থেকে চোখ সরিয়ে নিতে নারাজ, সান্তোসও তেমনি শুধু মেসি-মেসি জপছে না। তবে সান্তোস কোচ মুরিসি রামালহো আশাবাদী, ‘নেইমার নিশ্চয়ই কিছু একটা করে দেখাবে।’সর্বশেষ ২০০৬ সালে কোনো ব্রাজিলিয়ান ক্লাব এই টুর্নামেন্ট জিতেছিল। সেটি কিন্তু বার্সাকে হারিয়েই! ওই টুর্নামেন্ট দিয়েই ইউরোপের ক্লাবগুলোর নজর কেড়েছিলেন ইন্টারন্যাসিওনালের পাতো। দক্ষিণ আমেরিকা জয় করা নেইমারের জন্যও এটা বিশ্বজয়ের মঞ্চ।এমনিতে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের দলগুলো বেশ ভালোই সাফল্য পেয়ে এসেছে। ২০০০ সালে চালু এই টুর্নামেন্টের প্রথম তিনটি শিরোপাই গেছে ব্রাজিলে। তবে আজ বার্সেলোর জন্যও রেকর্ডের হাতছানি। আজ জিতলে প্রথম দল হিসেবে দুটি শিরোপা জিতবে তারা। ২০০৯ সালে এস্তুদিয়ান্তেসকে হারিয়ে প্রথম শিরোপা জেতে বার্সা। এএফপি, রয়টার্স।