আজ মোহামেডানের ‘নতুন যাত্রা’ শুরু
আপাতত সব বাধা দূর হয়েছে। স্থানীয় একটি হোটেলে মোহামেডানের বার্ষিক সাধারণ সভা আজ হচ্ছেই। নির্বাচনী-প্রক্রিয়াকে অবৈধ দাবি করে কাল শেষবারের মতো এক পক্ষ উচ্চ আদালতে দুটি মামলা করেছিল। দুটিই খারিজ।এরই মধ্যে সম্পন্ন নির্বাচনী-প্রক্রিয়াও তাই বৈধতা পেয়েছে। একটি মামলা খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ। দুটিরই বাদী ইতিপূর্বে এই নির্বাচন নিয়ে মামলা করা সাবেক ফুটবলার রিয়াজউদ্দিন।পরশু ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে ৭টি মনোনয়নপত্র প্রত্যাহার হওয়ায় বাকি ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তিনটি পরিচালক পদে নির্বাচন হবে পরে। বহুল আলোচিত এই নির্বাচন নিয়ে আগে চারটি মামলা হয়েছিল। এ কারণে তিন দফা নির্বাচনী-প্রক্রিয়া থেমে যায়। সর্বশেষ আজ ছিল নির্বাচনের দিন। কিন্তু একাধিক প্রার্থী না হওয়ায় ভোটাভুটির দরকার হচ্ছে না।পরশু এক পক্ষ সংবাদ সম্মেলন ডেকে সবকিছু নতুন করে করার আহ্বান জানিয়েছিল বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদকে। চলমান নির্বাচনী-প্রক্রিয়া স্থগিত এবং ‘গ্রহণযোগ্য’ ব্যক্তিদের নিয়ে কমিটি করার দাবি তোলে ওই পক্ষ। সংবাদ সম্মেলনে ছিলেন বাদল বায়, সালাম মুর্শেদী, মাহবুব আনাম, মুস্তাকুর রহমান, সাজেদ আদেল, শরিফুল আলম, ইমতিয়াজ সুলতান, ছাইদ হাসান, রুম্মন বিন ওয়ালি।কী ভাবছেন কুতুবউদ্দিন আহমেদ? কাল তিনি বলেছেন, ‘বিষয়টা এখন আইনগতভাবে জটিল। “সমঝোতা” চাইলে নতুন নির্বাচিত পর্ষদকে পদত্যাগ করতে হবে। আমার হাতে কিছু নেই। দুই পক্ষ চাইলে তবেই কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে।’নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার কথা, ‘সমঝোতা আমরা চেয়েছি। কিন্তু তারা (বিরোধী পক্ষ) সমঝোতার কথা বলে আমাদের ঘুমের মধ্যে রেখে আজ (কাল) আদালতে মামলা করল, এটা গ্রহণযোগ্য নয়।’ সঙ্গে যোগ করেন, ‘গত দুই বছরে মোহামেডানের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য দায়ীদের এখন চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এজিএমে সবাই আসুক এবং ভেদাভেদ ভুলে ক্লাবের স্বার্থে কাজ করুক, এটাই চাই। কালই (আজ) নতুন পর্ষদ দায়িত্ব নেবে এবং এদিনই নতুন মোহামেডান যাত্রা করবে।’বিরোধী পক্ষের অন্যতম নেতা বাদল বায় বলছেন, ‘বল এখন ওবায়দুল করিম সাহেবের কোর্টে। আমরা তাঁর কাছ থেকে একটা গ্রহণযোগ্য কমিটি গঠনের উদ্যোগ চাই।’