আজ ম্যানচেস্টার ডার্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবনমন অঞ্চলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো পয়েন্ট টেবিলের তলানির দল ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে নিজেদের মাঠে হেরে যাওয়া! বছরটা এভাবেই শেষ হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। বছর শুরু নিউক্যাসলের কাছে হেরে। রণবিদ্যা বলে, প্রতিপক্ষের বুকে মোক্ষম আঘাত আনার সেটাই সবচেয়ে ভালো সময়, যখন সে কোণঠাসা থাকে চারদিক থেকে। এই তো সুযোগ!না, রবার্তো মানচিনি এই রণবিদ্যা মানেন না। বরং বলা যায়, আহত বাঘটাকেই বেশি ভয় তাঁর। সিটি কোচ ভালো করেই জানেন, অ্যালেক্স ফার্গুসন শিষ্যদের ক্ষতে সান্ত্বনার প্রলেপ দেবেন না। বরং জ্বলুনি আরও বাড়িয়ে দেবেন। যাতে ফুঁসতে থাকেন রুনি-গিগসরা। সব ক্ষোভ যেন ভালোমতো করে মিটিয়ে নেন প্রতিপক্ষের ওপর।ফলে আজ এফএ কাপের তৃতীয় রাউন্ডে ম্যানইউকে নিয়ে ভয়েই আছেন মানচিনি। তা ছাড়া অভিশপ্ত ২৩ অক্টোবরের কথাও নিশ্চয়ই ভুলে যায়নি ফার্গির শিষ্যরা। যেদিন ওল্ড ট্রাফোর্ডে গিয়ে ৬-১ গোলের লজ্জা দিয়ে এসেছিল সিটি। যে দিনটাকে ফার্গুসন বলেছিলেন, তাঁর জীবনের সবচেয়ে জঘন্য দিন!মানচিনি তাই এই বলে সতর্ক করছেন, ‘ডার্বি এমনিতেই কঠিন। এই ম্যাচটা সম্ভবত আরও কঠিন হতে চলেছে, কারণ টানা দুই পরাজয়ে ইউনাইটেড রীতিমতো ফুঁসে আছে। তা ছাড়া মৌসুমের শুরুর দিকে আমরা তাদের ওল্ড ট্রাফোর্ডে হারিয়েছিলাম। ফলে এই ম্যাচটি ঘিরে অনেকগুলো বিষয় জড়িয়ে গেছে। টানা দুটি পরাজয় তাদের জন্য খুবই বিরল। তবে একটা ব্যাপার নিশ্চিত, মানসিকভাবে ওরা খুবই শক্ত। পরাজয়ের পাল্টা জবাব ওরা দ্রুতই নিতে জানে।’মানচিনির কণ্ঠে এই কূটনীতির সুর আপনাকে বিস্মিত করতে পারে। বিশেষ করে এই ম্যাচকে কেন্দ্র করে গিগস-ফার্ডিনান্ডের পর স্যার ফার্গিও কথার লড়াই জমিয়ে তোলার চেষ্টা করেছেন। কিন্তু শুধু একপক্ষে তোপ দাগলে আর খেলা জমে কী করে! মানচিনি সম্ভবত মানসিক সেই লড়াইয়ের ফাঁদে পা দিতে রাজি নন। একে তো নিজেদের মাঠে খেলা। যে মাঠ সিটির জন্য এতটাই পয়মন্ত হয়ে উঠেছে, ২০১১ সালে স্বাগতিক হিসেবে সম্ভাব্য ৫৪ পয়েন্টের ৫২-ই তুলে নিয়েছিল!ম্যানইউর জন্য আজকের লড়াইটা মরিয়া আরও একটি কারণে। ২০০৬ সালের পর থেকে এই সম্মানজনক ট্রফিটা জেতা হয়নি। গতবার শিরোপা জেতার পথে সেমিফাইনালে ম্যানইউকেই হারিয়েছিল সিটি! ওদিকে চেলসিও নাকি এই শিরোপার জন্য মরিয়া। এ বছর তারা হিসাব কষে দেখেছে, বাকি সব টুর্নামেন্টের চেয়ে এফএ কাপ জেতার সম্ভাবনাই বেশি। এখন তাই এই টুর্নামেন্টেই তারা বেশি মনোযোগ দেবে বলে জানিয়েছেন চেলসির সহকারী কোচ রবার্তো ডি মাত্তেও।পরশুই এফএ কাপের তৃতীয় রাউন্ডে স্বস্তি-অস্বস্তির জয় পেয়েছে লিভারপুল। স্বস্তি ওল্ডহাম অ্যাথলেটিককে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া। অস্বস্তি এই ম্যাচের পর লিভারপুল সমর্থকদের বিরুদ্ধে ওল্ডহামের দর্শকদের বর্ণবাদী আচরণের অভিযোগ আনা!ওদিকে বিরতির পর গতকাল শুরু হয়েছে স্প্যানিশ লিগ। বার্সেলোনা অবশ্য মাঠে নামছে আজ। প্রতিপক্ষ এসপানিওল। এএফপি, রয়টার্স।