আজ ম্যানচেস্টার মহারণ
গত বছরের স্মৃতিটা কি স্যার অ্যালেক্স ফার্গুসনের মনে পড়ছে না? ম্যানচেস্টার সিটির কাছে সেদিন নিজেদের মাঠেই ডুবতে হয়েছিল ৬-১ গোলে হারের লজ্জায়। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ নিজেই বলেছিলেন সেটা ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন। পরে সিটির মাঠে গিয়েও হারতে হয়েছিল ১-০ গোলে। একই শহরের দুটি ক্লাবের লড়াই তো আলাদা উত্তাপ ছড়াবেই। তবে মাঠের লড়াইয়ের আগে এখন জমে উঠেছে কথার লড়াইও। গত তিনটি ম্যাচেই পেনাল্টি পেয়েছে সিটি, ফার্গুসন এটা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি, ‘আমরা যদি এতগুলো পেনাল্টি পেতাম, তবে হাউস অব কমন্সে গিয়ে আমাদের জবাবদিহি করতে হতো। এমনকি প্রতিবাদও হতো।’ তবে ইউনাইটেডও যে গত তিন মৌসুমে ২১টি পেনাল্টি পেয়েছে সেটা মনে করিয়ে দিয়েছেন সিটি কোচ রবার্তো মানচিনি। ‘আমার মনে হয়, গত ১৫ বছরে তারাও কিছু পেনাল্টি পেয়েছে। বেশি নয়, দু-তিনটিই হবে’—মানচিনির বুদ্ধিদীপ্ত বিদ্রূপ।ইংলিশ প্রিমিয়ার লিগও এখন দারুণ জমজমাট। ১৫ ম্যাচ শেষে ৩ পয়েন্ট পিছিয়ে সিটি রয়েছে দ্বিতীয় স্থানে। মানচিনি তাই আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছেন না, ‘তারা আমাদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছে, হারলে তাদের খুব বেশি সমস্যা নেই। কিন্তু আমাদের হারলে চলবে না। সম্ভবত এ মুহূর্তে আমাদের চেয়ে তারা ভালো দল, কিন্তু ডার্বি তো ডার্বিই।’ চ্যাম্পিয়নস লিগ তো বটেই, ইউরোপা লিগেও খেলতে না পারাটা সিটির জন্য বিশাল ধাক্কাই। মানচিনি এটা নিয়ে খুব একটা ভাবছেন না, ‘এটা স্বাভাবিক। এ রকম নবীন একটা দলের ক্ষেত্রে এমনটা হতেই পারে।’তবে ফার্গুসন এই বাদ পড়াটাকে সিটির জন্য শাপেবর হিসেবে দেখছেন, ‘আমি সত্যিই মনে করি, এটা সিটির জন্য একটা সুবিধা। যত কম ম্যাচ খেলবেন, তত কম চোট থাকবে দলে। প্রস্তুতি নেওয়ার জন্য পুরো একটা সপ্তাহ পাবে তারা।’ সিটির মনোযোগটা এখন প্রিমিয়ার লিগেই পুরোপুরি নিবদ্ধ বলে সিটি লাভবানই হবে বলে ফার্গির বিশ্বাস।এখন পর্যন্ত মৌসুমের ২৩ ম্যাচের মাত্র চারটিতেই তারা কোনো গোল খায়নি। রক্ষণটা এখন তাই ফার্গির জন্য উদ্বেগের কারণ। রক্ষণদুর্বলতা দূর করাই আপাতত প্রাধান্য পাচ্ছে তাঁর কাছে, ‘একটা সমাধান বের করার চেষ্টা করছি। রোববার (আজ) একটা কঠিন ম্যাচ হবে। আশা করি, সেখানে কোনো ভুল হবে না।’ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস গত মৌসুমের পুনরাবৃত্তি হতে দিতে চান না, ‘তাদের সঙ্গে দুটি খেলাই গত মৌসুমে পার্থক্য গড়ে দিয়েছিল। আশা করি, আজ ভালো একটা ফল হলে সেটাই মৌসুম শেষে পার্থক্য গড়ে দেবে।’ লিগে এখনো অপরাজিত সিটি, ইউনাইটেড কি তাদের গর্বকে খর্ব করবে আজ? এএফপি, ওয়েবসাইট।