আজ ম্যানচেস্টার যাচ্ছে ১২ কিশোর
স্বপ্নকে ছুঁতে আজ আকাশে উড়ছে একঝাঁক কিশোর। আজ রাতেই স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পথে দেশ ছাড়ছে ‘এয়ারটেল রাইজিং স্টারস’-এর ১২ উদীয়মান। সারা দেশ থেকে নির্বাচিত অনূর্ধ্ব-১৬ এই কিশোর ফুটবলাররা উন্নত প্রশিক্ষণ নেবে ইউনাইটেডে। গত বছরও রাইজিং স্টারসের আয়োজনে ১২ কিশোরকে ইউনাইটেডে পাঠিয়েছিল এয়ারটেল।
এবারের ১২ জন হলো: ঢাকা বিকেএসপির মুস্তাজিক খান, মাহাদুদ হোসেন, নারায়ণগঞ্জের অনিক হোসেন, রাজশাহীর নাঈম ইসলাম ও সাব্বির হোসেন, দিনাজপুরের ইমন বিশ্বাস, মৌলভীবাজারের মাহবুবুর রহমান, যশোরের হাফিজুর রহমান, জামালপুরের সোলায়মান হক ও খোকন মিয়া, গাইবান্ধার মশিউর রহমান এবং খুলনার সোহানুর রহমান।
কঠিন এক বাছাইপর্ব পেরিয়ে তবেই ইউনাইটেডের টিকিট পেয়েছে এই ১২ জন। বাছাই কার্যক্রম চলেছে ছয় মাস ধরে। দেশের সব জেলাকে ১৯টি কেন্দ্রে বিভক্ত করা হয়েছিল। প্রতিটি কেন্দ্র থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদিত কোচরা নির্বাচন করেছেন গড়ে ছয়জন সেরা ফুটবলার। নির্বাচিত ১২০ জনকে পরে বিকেএসপিতে প্রশিক্ষণ দিয়েছেন ইউনাইটেড থেকে আসা কোচরা। প্রশিক্ষণ শেষে তাঁরাই নির্বাচন করেছেন চূড়ান্ত ১২ জনকে।
বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা ও আফ্রিকার কিছু দেশে এয়ারটেল রাইজিং স্টারস আয়োজিত হয়। প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি এই কিশোরেরা ঘুরে দেখবে জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাবের আবহ, পরিবেশ; নিয়ে আসবে অনন্য অভিজ্ঞতা। ফেরার সময় নিশ্চিতভাবেই আরও অনেক বিস্তৃত হবে স্বপ্নের সীমানা!