আজ রওনা হচ্ছে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝ উইকেটে অনেকক্ষণ ব্যাট করলেন মুশফিকুর রহিম। প্রখর রোদে ব্যাটিং-ক্লান্ত অধিনায়ক যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়ছিলেন, সাংবাদিক আর ক্যামেরা তাঁকে ঘিরে ধরল। কিন্তু মুশফিক উপহার দিলেন একরাশ হতাশা, ‘আপনারা ভেবেছেন, আমি এখন কথা বলব? না, আমি বলব না। কাল (আজ) এয়ারপোর্টে কথা বলব।’জিম্বাবুয়ে সফর নিয়ে বাংলাদেশ অধিনায়কের চিন্তাটা তাই কালই জানা গেল না। তবে হরতালের মধ্যেও উত্তরার বাসা থেকে মিরপুরে এসে অনুশীলন করে মুশফিক বুঝিয়ে দিলেন, সফরটাকে তিনি নিজে কতটা গুরুত্ব দিচ্ছেন। আজ জিম্বাবুয়ের উদ্দেশে বিমানে ওঠার আগে শুধু কালকের দিনটাই একসঙ্গে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। হরতালে সেটা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।পুরো দল একসঙ্গে এক দিনও অনুশীলন না করে কোনো সফরে যাওয়াটাকে একটা রেকর্ডই বলতে পারেন। যদিও মাত্র সপ্তাহ খানেক আগেই শ্রীলঙ্কা সফর থেকে ফেরায় বিশ্রামটাও কম জরুরি ছিল না। ক্রিকেটারদের অনেকেই অবশ্য যাঁর যাঁর মতো অনুশীলন করেছেন। কালও যেমন মুশফিকের পাশাপাশি অনুশীলনে এসেছিলেন মমিনুল ও এনামুল জুনিয়রের মতো কেউ কেউ।আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশে ফ্লাইট বাংলাদেশ দলের। দুবাই হয়ে হারারে পৌঁছাতে পৌঁছাতে কাল বিকেল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টেস্ট শুরু হবে ১৭ এপ্রিল। প্রস্তুতি ম্যাচ না থাকায় তার আগের এই কটা দিন শুধু অনুশীলনই করবে মুশফিকের দল।সিরিজে হারারেতে দুটি টেস্টের পর বুলাওয়েতে হবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ।