আজ রাত দুইটায় মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল স্টারিজ গোল করেই চড়ে বসলেন লুইস সুয়ারেজের কোলে। লিভারপুলে এসে পড়েছিল উত্সবের উপলক্ষ, কিন্তু ম্যাচ শেষে আনন্দ উধাও। কাল ওয়েস্ট ব্রমের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। পরে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে আর্সেনাল  এএফপি
ড্যানিয়েল স্টারিজ গোল করেই চড়ে বসলেন লুইস সুয়ারেজের কোলে। লিভারপুলে এসে পড়েছিল উত্সবের উপলক্ষ, কিন্তু ম্যাচ শেষে আনন্দ উধাও। কাল ওয়েস্ট ব্রমের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। পরে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে আর্সেনাল এএফপি

পেপ গার্দিওলার সঙ্গে পুরোনো একটা তিক্ত স্মৃতি আছে হোসে মরিনহোর। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার হয়ে তো কম খোঁচাখুঁচি হয়নি দুজনের! কিন্তু এ মুহূর্তে মরিনহো হয়তো সবকিছু মিটমাট করে ফেলতে চাইবেন। বায়ার্ন মিউনিখ কোচের একটা পরামর্শ ভীষণ দরকার চেলসি কোচের। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে হারানোর মন্ত্রটাই হয়তো মরিনহো পেতে চাইবেন!
ফুটবলে বহু ব্যবহারে ‘দুর্গ’ শব্দটা খানিকটা ক্লিশে হয়ে পড়েছে। কিন্তু ইতিহাদ স্টেডিয়ামে জন্য কথাটা এখনো প্রাসঙ্গিক। যে মাঠে সিটি এই মৌসুমে সব ম্যাচ জিতেছে, ম্যাচপ্রতি গড়ে প্রায় চারটি গোল করেছে, সেটা দুর্গ ছাড়া আর কী? ছোট ক্লাবগুলো তো বটেই, বড় ক্লাবগুলোও এখানে নাকানিচুবানি খেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন, আর্সেনাল, লিভারপুল ও টটেনহাম ইতিহাদ স্টেডিয়ামে এসে সব মিলিয়ে হজম করেছে ২১ গোল! একমাত্র গার্দিওলার বায়ার্নই এখানে এসে হারিয়েছে সিটিকে। আজ চেলসির জন্য কী অপেক্ষা করছে?
হোসে মরিনহো জানেন এই মাঠ থেকে জেতা তো বটেই, ড্র করাও হবে বড় একটা পাওয়া। লিগ শিরোপা নিয়ে মিউজিক্যাল চেয়ারটা হয়ে উঠেছে দারুণ জমজমাট। এ মুহূর্তে আর্সেনাল শীর্ষে, তবে আজ সিটি জিতে গেলে টপকে যাবে তাদের। আর চেলসি সিটির চেয়ে পিছিয়ে ৩ পয়েন্টে। আজ জিতলে চেলসি ধরে ফেলবে সিটিকে। আর হারলে শিরোপা লড়াইয়ে বড় একটা হোঁচটই খেতে হবে মরিনহোর দলকে।
মরিনহো সেটা জানেন। জানেন বলেই হয়তো ম্যাচের আগে নেমেছেন কথার লড়াইয়ে। চেলসি কোচের দাবি, সিটি যতটা না ভালো খেলছে, তার চেয়ে বেশি রেফারিদের আনুকূল্য পাচ্ছে, ‘তারা ভাগ্যবান। বাস্তবতা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত তাদের পক্ষে গেছে।’ উদাহরণও টানলেন, ‘লিভারপুলের সঙ্গে স্টার্লিংয়ের গোল, এরপর সুয়ারেজের পেনাল্টি। কোনোটাই দেওয়া হয়নি। নিউক্যাসলের তিওতেরটা তো পরিষ্কার গোল ছিল। টটেনহামের সঙ্গে ডসনের গোল, রোজের লাল কার্ড।’ এরপর বিষম খোঁচা দিলেন, ‘আমি আবার বলছি এটা কিন্তু শুধুই কাকতাল, কেউ যেন ভুল বুঝবেন না!’
সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও ‘প্রলোভনটা’ পুরোপুরি এড়িয়ে যাওয়ার লোভ সামলাতে পারলেন না, ‘আমি জানি না চেলসি কেমন খেলবে। আমি কখনোই অন্য দলের সমালোচনা করি না। আমার মনে হয় প্রতিটি দলের নিজ নিজ সমস্যা নিয়েই ভাবা উচিত।’
তবে একটা স্বস্তি মরিনহো পাচ্ছেন। এক মাস মাঠের বাইরে চলে গেছেন দুর্দান্ত ফর্মে থাকা সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো! এএফপি।