আজ রানা-সেতুর মৃত্যুবার্ষিকী
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ শুরুর আগেও তাঁর নামটা এসেছিল আরেকবার। ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং পারফরম্যান্সটা (৩/৫৭) ছিল তাঁর। সর্বশেষ সিরিজে তাঁকে টপকে গেছেন সাকিব আল হাসান, নাঈম ইসলাম, আবদুর রাজ্জাকরা। তাঁর নাম কি তাহলে মুছে গেল?না। সামান্য বোলিং রেকর্ড দিয়ে বাংলাদেশের ক্রিকেট থেকে মানজারুল ইসলামের (রানা) নাম মুছে ফেলা যায় না। ফিরে ফিরে আসে তাঁর নাম। ফিরে ফিরে আসে ‘রানা’র স্মৃতি। আজ আরও বেশি করে ফিরে আসবে।২০০৭ সালের ১৬ মার্চ, আজকের দিনটাতে পুরো বাংলাদেশকে বিমূঢ় করে দিয়ে খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মানজারুল ইসলাম, মৃত্যুতেও সঙ্গী ছিলেন তাঁর বন্ধু সাজ্জাদুল হোসেন (সেতু)। বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকা জাতীয় দল এই শোককে শক্তিতে পরিণত করে হারিয়ে দিয়েছিল ভারতকে।তিন বছর বাদেও রানা-সেতুর মৃত্যুর ক্ষত এখনো দগ দগ করে বাংলাদেশের ক্রিকেটে। এখনো হাবিবুল বাশার, খালেদ মাসুদরা বিশ্বাস করে উঠতে পারেন না সেই ঘটনা। কিছুদিন আগে জাতীয় লিগের ম্যাচ খেলতে খুলনায় গিয়েছিল রাজশাহী দল। নিজেদের ম্যাচ ফির পুরোটা রানা-সেতুর পরিবারকে দিয়ে আসা দলের অধিনায়ক মাসুদ বললেন, ‘রানা যে আমাদের সঙ্গে হইহুল্লোড় করে বেড়াচ্ছে না, এটা আমি এখনো বিশ্বাস করতে পারি না।’রাজশাহী দলের মতো কয়েক বছর ধরে লিগের একটি ম্যাচের পুরো টাকা এই দুই পরিবারের হাতে তুলে দেয় খুলনা দলও। রানার অকৃত্রিম বন্ধু মাশরাফিও মাঝেমধ্যেই বিভিন্ন উপলক্ষে সাহায্যের হাত বাড়ান পরিবারটির দিকে। আর সবকিছুতেই ভাইয়ের প্রতি সবার অপরিসীম ভালোবাসা খুঁজে পান রানার বড় ভাই কাজী মাজহারুল ইসলাম, ‘ছোট ভাইয়ের সুবাদে নানা জায়গা থেকে এসব প্রাপ্তিতে আনন্দ হয়। খুব বিব্রতও লাগে। মনে হয়, চলে যাওয়া ভাইটাকে বুঝি ছোট করছি আমরা। তার পরও যারা যখন যেভাবে আমাদের দিকে হাত বাড়িয়েছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’রানা-সেতুর পরিবার গত এক বছরে আরও একটি করে ধাক্কা খেয়েছে। কী নিষ্ঠুর নিয়তি! এই সময়ে পরলোকে পাড়ি জমিয়েছেন দুজনেরই বাবা। মাজহারুল বললেন, ‘বাবার চিকিত্সার জন্য বোর্ড অনেক করেছে। তারা রানার উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে, নানাভাবে পাশে দাঁড়িয়েছে। রানার বকেয়া টাকা এসে দিয়ে গেছে আবাহনী ক্লাব। আমার কারও কাছে আর কোনো কিছু চাওয়ার নেই।’অবশ্য একটা ছোট চাওয়া রানার পরিবারের আছে। রানার ছোট ভাই এমবিএ করে এখন বেকার বসে আছে। মাজহারের চাওয়া, ‘ছোট ভাইটার কোথাও একটা চাকরি হয়ে গেলে হয়। আশা করি, হয়ে যাবে। আমি সবার কাছে শুধু রানার জন্য দোয়া চাই।’সে দোয়া তো থাকবেই। আজ খুলনায় খেলোয়াড় কল্যাণ সংস্থা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। সবাই হয়তো আনুষ্ঠানিক আয়োজনে যোগ দিতে পারবেন না। কিন্তু রানার জন্য প্রার্থনা করতে কি ভুল হয় কারও!